বরিশাল ও বরগুনায় র্যাবের ক্রসফায়ারে ২ সন্ত্রাসী নিহত
বরিশালের উজিরপুরের নারায়নপুর গ্রামে এবং বরগুনার সদর উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামে র্যাবের পৃথক ক্রসফায়ারে মঙ্গলবার ভোরে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত দু’জন হচ্ছে--বরিশালের নারায়নপুর গ্রামের চরমপন্থি দলের নেতা ও আন্তঃজেলা ডাকাত সর্দার মনিরুল ইসলাম হাওলাদার নবী। অন্যজন হচ্ছে বরগুনার শীর্ষ সন্ত্রাসী ও সোহেল বাহিনীর প্রধান জিয়াউদ্দিন সোহেল।
বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানায়, র্যাব-৮ সদস্যরা সোমবার দুপুরে বরিশাল নগরীর হোটেল প্রিন্স থেকে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে।
এরপর, মনিরুলের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে ভোর ৩টা ৪০ মিনিটে অস্ত্র উদ্ধারের জন্য বরিশালের উজিরপুরের নারায়নপুরে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থি দলের সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় মনিরুল র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব জানায়, মনিরুল ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে ৩টি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব ঘটনাস্থল থেকে একটি কাটা বন্দুক, তিন রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।
বিডিনিউজ বরগুনা প্রতিনিধি জানায়, রোববার রাতে ঢাকার সূত্রাপুর থেকে সোহেলকে র্যাব ৮ সদস্যরা গ্রেপ্তার করে এবং সোমবার তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বরিশালে নিয়ে আসে।
র্যাব জানায়, সোহেলের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বরগুনা জেলার সদর উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সোহেলের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় সোহেল র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব জানায়, সোহেল সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও হত্যার চেষ্টাসহ ১৩টি মামলা রয়েছে।
র্যাব ঘটনাস্থল থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে।
