২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী কারাগারের পশুখাদ্য এ্যাংকার ডাল খাওয়ানোর অভিযোগ, ১৩২ বস্তা পঁচা ডাল উদ্ধার

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীদের মানুষের খাবার অনুপযোগী, পশুখাদ্য হিসেবে ব্যবহৃত এ্যাংকার ডাল খাওয়ানো হচ্ছে এমন তথ্যের পর রোববার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে কারাগারের ভিতরের ঘর এবং গুদাম থেকে কমপক্ষে ১৩২ বস্তা এ্যাংকার ডাল উদ্ধার করা হয়েছে। এসব ডাল পঁচা ও পোকায় কাটা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 07:13 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

সূত্র জানায়, প্রতি বস্তায় ৫০ কেজি হিসেবে ১৩২ বস্তায় প্রায় সাত হাজার কেজি এ্যাংকার ডাল রয়েছে। এর মধ্যে শতকরা ৫০ ভাগেরও বেশী পঁচা ও পোকায় কাটা।

কারা সূত্র জানায়, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) বিগ্রেডিয়ার জেনারেল জাকির হোসেনের নির্দেশে গঠিত গোয়েন্দা টিমের সদস্যরা রোববার রাতে এ অভিযান শুরু করে। অন্যদিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের গুদামে পঁচা ও পোকায় কাটা এ্যাংকার ডাল প্রাপ্তির ঘটনা তদন্তের জন্য আইজি প্রিজন রাতেই অ্যাডিশনাল আইজি প্রিজন কর্ণেল সিরাজুল করিমের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্য করা হয় ডিআইজি প্রিজন (হেডকোয়ার্টার) সালাম সর্দার এবং পাবনা কারাগারের সিনিয়র সুপার ফরহাদ হোসেনকে। কমিটির সদস্যরা সোমবার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছেন এবং কারাগারের ভিতরে তল্লাশীর নির্দেশ দেন। তল্লাশী চালিয়ে খড়ির ঘরসহ বেশ কয়েকটি ঘরে লুকানো অবস্থায় আরও বেশ কয়েক বস্তা এ্যাংকার ডাল পাওয়া যায়। আইজি প্রিজন বিগ্রেডিয়ার জেনারেল জাকির হোসেন সোমবার কারাগার অভ্যন্তরে লুকানো অবস্থায় নয় বস্তা এ্যাংকার ডাল আটকের সত্যতা স্বীকার করেন।

এ ব্যাপারে এডিশনাল আইজি প্রিজন কর্ণেল সিরাজুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আইজি প্রিজনের নির্দেশে তারা ঘটনা তদন্তের জন্য এসে সত্যতা পান। তদন্ত এবং আটক অভিযান চলছে। অভিযান ও তদন্ত শেষ না হলে কিছু বলা যাবে না।

রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত ডিআইজি প্রিজন ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কারাগারের বেশীরভাগ কারারক্ষীও কারা গোয়েন্দাদের এই অভিযানকে স্বাগত জানিয়েছে বলে সূত্র জানায়।