মাদারীপুরে এসিড নিক্ষেপ মামলায় এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান
মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত এসিড নিক্ষেপ মামলার এক আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড, দু’হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দু’বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে।
মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক সৈয়দ আলতাফ হোসেন রোববার এ আদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছে--দেলোয়ার হোসেন (২৭)। তার বাড়ি কালকিনি উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার কালকিনি উপজেলার পূর্বপুয়ালী গ্রামের ওমর আলী খলিফার মেয়ে কুলসুম (১৮)-কে বিয়ের প্রস্তাব দেয়। কুলসুম এ প্রস্তাবে রাজি না হওয়ায় দেলোয়ার ২০০০ সালের ১৮ আগস্ট রাতে তার শরীরে এসিড নিক্ষেপ করে।
