২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানী শিক্ষকদের আন্দোলনের নগরীতে পরিণত, অনশনের পর আত্মাহুতির আল্টিমেটাম দিয়েছেন কমিউনিটি শিক্ষকরা

আমরণ অনশন কর্মসূচির অষ্টম দিন পার করে এবার সরাসরি আত্মাহুতির ঘোষণার আল্টিমেটাম দিয়েছেন নগরীর শহীদ মিনারে অবস্থানরত কমিউনিটি প্রাথমিক শিক্ষকরা। রাজধানী পরিণত হয়েছে শিক্ষকদের আন্দোলনের নগরীতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

বেতন বৈষম্য দূরীকরণ, চাকুরী জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ে সরকারি ও বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক শিক্ষকরা নগরীর মুক্তাঙ্গণ ও শহীদ মিনারে অবস্থান নিয়ে ক্রমেই কঠোর কর্মসূচির দিকে যাচ্ছেন। রাজনৈতিক পর্যায়ের শীর্ষ নেতারা তাদের সাথে সাক্ষাৎ করলেও কোনও আশ্বাস দেন নি বলে জানান আন্দোলনকারী শিক্ষক নেতৃবৃন্দ। 

কমিউনিটি প্রাথমিক শিক্ষকরা চাকুরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনের অষ্টম দিনেও সরকারের পক্ষ থেকে কোন সুষ্পষ্ট ব্যাখ্যা না পেয়ে আত্মাহুতির আল্টিমেটাম দিয়েছেন।

সংগঠনের সভাপতি হাবিবুল আহসান বাবলু সাংবাদিকদের জানান, সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হলে মঙ্গলবার বেলা বারটায় ১৫ জন কমিউনিটি প্রাথমিক শিক্ষক আত্মাহুতি দেবেন।

বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তাদের বেতন বৈষম্য দূরীকরণ, পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ ২১ দফা দাবিতে মুক্তাঙ্গনে অনশনরত অবস্থায় রয়েছে। অনশনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর সাথে প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের আলোচনা হলেও তিনি কোন আশ্বাস দেননি। তিনি বলেন, এ বিষয়ে পর্যালোচনা করে পরে তাদের জানানো হবে। ফলে প্রাথমিক শিক্ষকরা তাদের অনশন আন্দোলনসহ বিদ্যালয়ে ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান এক অংশের সভাপতি আবুল কালাম আজাদ।

এর আগে ২০ জুন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব কমিউনিটি শিক্ষকদের অনশন ভাঙ্গার অনুরোধ করতে গেলেও তিনি শিক্ষকদের দাবির ব্যাপারে কোন আশ্বাস দেননি।

এদিকে, সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আরেক অংশ একই দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত রয়েছে। রোববার বিকেলে এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে এ ব্যাপারে আলোচনা হওয়ার কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত সে ব্যাপারে কোনও তথ্য জানা যায় নি।

কমিউনিটি শিক্ষক সংগঠনের সভাপতি হাবিবুল আহসান বাবলু বলেন, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়েরই অনুরুপ প্রতিষ্ঠান। যেখানে একজন সরকারি প্রাথমিক শিক্ষক ৫০০০ থেকে ৭০০০ হাজার টাকা বেতন পান সেখানে একজন কমিউনিটি প্রাথমিক শিক্ষক মাত্র ৭৫০ টাকা বেতন পান। যদিও  শিক্ষকদের কাজের কোন পার্থক্য নেই। তাই শুধু চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতেই তারা আন্দোলন করছেন।

জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট ও রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ধিত ১০ শতাংশ বেতন বৃদ্ধিসহ ৮ দফা দাবি আদায়ে প্রতীকী অনশন পালন করেছে। এ সময় তাদের সাথে রাশেদ খান মেনন একাত্মতা পোষণ করেন। দাবি আদায়ে ফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়েছে। ৩০ জুন শুক্রবার মুক্তাঙ্গনে প্রতিবাদ কর্মসূচী, ১ জুলাই সকল উপজেলা সদরে, ৬ জুলাই সকল জেলা সদরে বিশেষ প্রতিবাদ ও ধিক্কার কর্মসূচী রয়েছে। এছাড়া ১৮ জুলাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘট, ২৭ থেকে ৩০ জুলাই এর মধ্যে ৮ দফা দাবি না মানা পর্যন্ত ঢাকায় মহা অবস্থান এবং শিক্ষক- কর্মচারি জাতীয় মহাসমাবেশ।

এদিকে, মুক্তাঙ্গনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাকুরী জাতীয়করণ করে ১০০% বেতন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর পৃথককরণ, জাতীয় সংসদে ৫০ টি আসন শিক্ষকদের জন্য সংরক্ষণসহ ১০ দফা দাবী আদায়ে আন্দোলন করছেন। তারা রোববার মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে।

দাবী পূরণে তাদের কর্মসূচীর মধ্যে রয়েছে ২৬ জুন থেকে ২৯ জুন পর্যন্ত কালো ব্যাজ ধারণ, ১ জুলাই থেকে ৩ জুলাই ১ ঘন্টা কর্মবিরতি পালন এবং অভিভাবকদের সাথে মতবিনিময়, ৪ জুলাই থেকে ৫ জুলাই ২ ঘন্টা কর্মবিরতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়, ৬ জুলাই থেকে অবিরাম ধর্মঘট এবং ১৫ জুলাই থেকে ঢাকায় মহা অবস্থান ধর্মঘট এবং প্রয়োজনে আমরণ অনশন কর্মসূচী গ্রহণ।