২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরশ্রেষ্ঠ মতিউরের মরদেহ ৩৫ বছর পর দেশে ফিরেছে, বিস্তারিত

মহান স্বাধীনতার ৩৫ বছর পর দেশের মাটিতে ফিরেছেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট বিজি-০২৪ করাচি বিমান বন্দর থেকে তার দেহাবশেষ নিয়ে শনিবার রাত ১০টা ১৫ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পেঁঁৗঁছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 11:13 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

তিন বাহিনীর একটি সুসজ্জিত দল জাতীয় পতাকায় আচ্ছাদিত কফিনটি বহন করেন।

শোকার্ত পরিবেশে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দেশবাসীর পক্ষে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার দেহাবশেষ গ্রহন করেন। এসময় বিউগলের করুন সুর বেজে ওঠে এবং জাতীয় পতাকা অবনমিত করা হয়।

এ সময় বিমানবন্দরে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, তিন বাহিনীর প্রধানগণ এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে করাচিতে বাংলাদেশের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ গ্রহণ করেন।

এসময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার এফএ শামীম আহমেদ ও অন্যান্য সিনিয়র কর্মকর্তারা করাচি বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

মহান মুক্তিসংগ্রামী বীরশ্রেষ্ঠ মতিউরের নামাজে জানাযা ও বিশেষ মোনাজাত রোববার সকাল ১০ টায় জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হবে। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১১টা পর্যন্ত কফিন সেখানে থাকবে।

বেলা ১২টার দিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দেহাবশেষ মিরপুরের বুদ্ধিজীবী গোরস্থানের সংরক্ষিত আসনে সমাধিস্থ করা হবে।

মতিউর রহমান ১৯৪৫ সালের ২১ ফেব্র“য়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ সালের ২০ আগস্ট শহীদ হন। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেনেন্ট ছিলেন।

তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর তিনি পশ্চিম পাকিস্তানের সারগোদা পাকিস্তান এয়ার ফোর্স পাবলিক স্কুলে ভর্তি হন। দ্বাদশ বর্ষের ক্লাশ শেষ করে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন।

তিনি ১৯৬৩ সালে কমিশন প্রাপ্ত হন এবং তাকে পশ্চিম পাকিস্তানের রিসালপুরে পোস্টিং দেওয়া হয়। তিনি করাচিতে সাফল্যের সাথে জেট কনভারসন কোর্স শেষ করার আগে তাকে পেশোয়ারে জেট পাইলট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মুক্তিযুদ্ধ শুরু হলে যুদ্ধে যোগ দেওয়ার জন্য ১৯৭১ সালের ২০ আগস্ট তিনি করাচি থেকে টি-- ৩৩ বিমান নিয়ে ভারতে পালিয়ে আসার পরিকল্পনা করেন। এ পরিকল্পনা বুঝতে পেরে অপর পাইলট রাশেদ মিনহাজ বিমানটি ভারত-পাকিস্তান সীমান্তে ক্র্যাশ করালে তিনি নিজেও আর ফিরতে পারেননি।

বিমানটি ভারত সীমান্তের কাছে বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলের কাছে তার মরদেহ পাওয়া যায়। পরে তাকে পাকিস্তানের মনসুর এয়ার বেসে চতুর্থ শ্রেণীর কর্মচারিদের সাথে সমাহিত করা হয়।

এ সাহসিকতাপূর্ণ আত্মদানের কারণে তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। যশোর বিমান ঘাটিটি তার নামে নামকরণ করা হয়।