বীরশ্রেষ্ঠ মতিউরের মরদেহ ৩৫ বছর পর দেশে ফিরছে
মহান স্বাধীনতার ৩৫ বছর পর দেশের মাটিতে ফিরছেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট তার মরদেহ নিয়ে করাচি বিমান বন্দর ত্যাগ করেছে। তার দেহাবশেষ রাত ১০ টা ১০ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
শোকার্ত পরিবেশ সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার দেহাবশেষ গ্রহণ করবেন।
এর আগে করাচিতে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল তার দেহাবশেষ গ্রহণ করেন।
এসময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার এফএ শামীম আহমেদ ও অন্যান্য সিনিয়র কর্মকর্তারা করাচি বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, বীরশ্রেষ্ঠকে সম্বর্ধনা দিতে সেনা, নৌ ও বিমান বাহিনী এরই মধ্যে নিয়েছে সব ধরণের প্রস্তুতি।
জাতীয় প্যারেড স্কয়ারে রোববার সকাল ১০ টায় জানাজা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১১ টা পর্যন্ত কফিন সেখানে থাকবে। বেলা ১২ টার দিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দেহাবশেষ মিরপুরের বুদ্ধিজীবী গোরস্থানের সংরক্ষিত আসনে সমাধিস্থ করা হবে।
মতিউর রহমান ১৯৪৫ সালের ২১ ফেব্র“য়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ সালের ২০ আগস্ট শহীদ হন। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেনেন্ট ছিলেন।
তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর তিনি পশ্চিম পাকিস্তানের সারগোদা পাকিস্তান এয়ার ফোর্স পাবলিক স্কুলে ভর্তি হন। দ্বাদশ বর্ষের ক্লাশ শেষ করে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন।
তিনি ১৯৬৩ সালে কমিশন প্রাপ্ত হন এবং তাকে পশ্চিম পাকিস্তানের রিসালপুরে পোস্টিং দেওয়া হয়। তিনি করাচিতে সাফল্যের সাথে জেট কনভারসন কোর্স শেষ করার আগে তাকে পেশোয়ারে জেট পাইলট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মুক্তিযুদ্ধ শুরু হলে যুদ্ধে যোগ দেওয়ার উদ্দেশে ১৯৭১ সালের ২০ আগস্ট তিনি করাচি থেকে টি- ৩৩ নিয়ে ভারতে আসার পরিকল্পনা করেন।
অপর পাইলট রশিদ মিনহাস বিমানটি ক্র্যাশ করালে তিনি আর ফিরতে পারেননি। বিমানটি ভারত সীমান্তের কাছে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলের কাছে তার মরদেহ পাওয়া যায়। পরে তাকে পাকিস্তানের মনসুর এয়ার বেসে চতুর্থ শ্রেণীর কর্মচারিদের সাথে সমাহিত করা হয়।
তার এ সাহসিকতাপূর্ণ আত্মদানে তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। যশোর বিমান ঘাটিটি তার নামেই করা হয়।
