২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর ও নড়াইলে র‌্যাবের ক্রসফায়ারে ৩ জন নিহত

যশোর ও নড়াইলে শনিবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর পৃথক ক্রসফায়ারে কমপক্ষে তিন সন্দেহভাজন চরমপন্থি নেতা নিহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

র‌্যাব জানায়, নিহতদের সকলেই নিষিদ্ধঘোষিত বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য।

যশোরে র‌্যাবের ক্রসফায়ারে নিহতরা হল- বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার এবং অভয়নগর উপজেলার শুভরাঢ়া গ্রামের গোলাম সারোয়ারের ছেলে মতিয়ার রহমান এবং অপর জন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) নেতা রাজ্জাক শেখ। সেও একই উপজেলার রানাগাতি গ্রামের আফসার শেখের শেখের ছেলে।

সূত্র জানায়, র‌্যাব সদস্যরা শুক্রবার পৃথক অভিযান চালিয়ে খুলনার ফুলতলা থেকে মতিয়ার রহমান এবং রাজ্জাক শেখকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মতিয়ারের স্বীকারোক্তি অনুয়ায়ী র‌্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে শনিবার ভোর ৪টার দিকে অস্ত্র উদ্ধারের জন্য মণিরামপুরের হোগলাডাঙ্গা এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থি দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় মতিয়ার র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব জানায়, নিহত মতিয়ারের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

র‌্যাব ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড বন্দুকের গুলিসহ একটি পাইপগান উদ্ধার করেছে। 

র‌্যাব জানায়, রাজ্জাকের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য অভয়নগরে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা রাজ্জাকের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় রাজ্জাক র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব জানায়, রাজ্জাকের বিরুদ্ধে আটটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

এদিকে শনিবার দুপুর সাড়ে ৩ টার দিকে নড়াইল শহরের কাছে র‌্যাবের সাথে গুলিবিনিময়ে জুনায়েদ হোসাইন নামে এক আসামী নিহত হয়েছে।

র‌্যাব জানায় জনায়েদের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।