সিরাজগঞ্জে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শনিবার সকালে অন্তত ২০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে শুক্রবার রাতে বড় পাঙ্গাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকরকে তার নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।
এই ঘটনার জের ধরে বড় পাঙ্গাসী ইউনিয়নের তিন সহস্রাধিক গ্রামবাসী একটি মিছিল নিয়ে শনিবার সকালে উল্লাপাড়া থানা ঘেরাও করতে আসে। মিছিলটি আবু তাহের ছাত্রাবাসের কাছে পৌঁছলে পুলিশ মিছিলটিকে আটকে দিলে পুলিশের সাথে মিছিলকারীদের সংঘর্ষ বাধে।
এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ জন আহত হয়। আহতদের উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হোসেন বিডিনিউজকে জানান, মিছিলকারীরা থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান শেষে চলে গেছে। এ সময় কাউকে লাঠিচার্জ করা হয়নি এবং কেউ আহতও হয়নি।
