বিশ্বকাপের চুড়ান্ত পর্বের লাইনআপ চুড়ান্ত, শেষ ১৬ তে ফ্রান্স ও সুইজারল্যান্ড
ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় পর্বের লাইন আপ চুড়ান্ত হয়ে গেছে। শুক্রবার বিশ্বকাপের জি গ্রপে নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে ফ্রান্স এবং সুইজারল্যান্ড।
টোগোকে ২ -- ০ গোলে হারিয়ে ফ্রান্স শেষ পর্যন্ত তাদের ওপর চেপে বসা ২০০২ বিশ্বকাপের ভুতটা তাড়াতে সক্ষম হয়েছে। বুধবার দ্বিতীয় রাউন্ডে স্পেনের মুখোমুখি হবে লা ব্লুজরা।
গত বিশ্বকাপে জয় তো দুরের কথা কোন গোল করা ছাড়াই প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হয় ১৯৯৮ এর বিশ্বচ্যাম্পিয়নদের। এবার দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে টোগোর বিরুদ্ধে পরিস্কার দুই গোলের জয় দারকার ছিলো।
বিশ্বকাপে অভিষিক্ত টোগো ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও ফ্রান্সের বিরুদ্ধে প্রথমার্ধে লড়েছে সমানতালে। কিন্তু দ্বিতীয়ার্ধে অল্প সময়ের ব্যবধানে দুই গোল হজম করে বসায় ফ্রান্সকে কোন অঘটনের শিকার হতে হয়নি।
দ্বিতীয়ার্ধের দশ মিনিটে ফ্রাঙ্ক রিবেরির পাস থেকে বল পেয়ে প্যাট্রিক ভিয়েরা ডান প্রান্ত দিয়ে ডান পায়েরই বাঁকানো শটে বল জালে জড়িয়ে দিয়ে তার ত্রিশতম জন্মদিন বেশ ভালোভাবেই পালন করেছেন।
প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে সমালোচকদের তোপের মুখে থাকা ভিয়েরা ছয় মিনিট পরে ফ্রান্সের দ্বিতীয় গোলটিতেও অবদান রেখেছেন। ভিয়েরার নীচু হেড থেকে বল পেয়ে পেনাল্টি স্পট থেকে গোল সংখ্যা দুইয়ে উন্নীত করেন থিয়েরি অঁরি।
ব্রাজিলকে ৩ -- ০ গোলে হারিয়ে ১৯৯৮ এর শিরোপা জয়ের পর এই প্রথম জয় পেলো ফ্রান্স। এদিকে তারকা খেলোয়াড় জিনেদিন জিদান সাসপেনশনের কারণে টোগোর বিরুদ্ধে ম্যাচটিতে খেলতে পারেন নি। দলের এই জয়ের ফলে তিনি আরও একটি ম্যাচ খেলার সুযোগ পেলেন।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শুক্রবার ১ -- ১ গোলে ড্র হওয়া ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার কারণে ম্যাচটি মিস করেন ৩৪ বছর বয়স্ক এই প্লেমেকার।
হ্যানোভারে ফিলিপ সেনডারস এবং অ্যালেক্স ফ্রেই’র দুই গোলের সুবাদে সুইজারল্যান্ড দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে। এর মধ্য দিয়েই ২০০২ বিশ্বকাপের সহ আয়োজক দক্ষিণ কোরিয়াকে এবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো।
খেলার ২৩ মিনিটে হাকান ইয়াকিনের ফ্রি কিক থেকে বল পেয়ে হেডের সাহায্যে গোলের সূচনা করেন সেনডারস। খেলা শেষ হওয়ার আগে ফ্রেই সতীর্থ ডিফেন্ডারের কাছ থেকে বল পেয়ে কোরিয়ার গোলরক্ষক লি উন জায়েকে কাটিয়ে ফাঁকা পোস্টে বল পাঠিয়ে দিয়ে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি কোরিয়ার বিদায় ঘন্টা বাজিয়ে দেন।
কিন্তু লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও রেফারী তা অগ্রাহ্য করে গোলের বাঁশি বাজান।
