চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে এক মহিলা নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের পোল-াডাঙ্গা সীমান্তে বৃহস্পতিবার রাতে বিএসএফ এর গুলিতে এক বংলাদেশী মহিলা নিহত হয়েছে।
নিহতের নাম কুলসুম বেগম (৩৫)। আলাতুলি ইউনিয়নের সরকারি আদর্শ গুচ্ছ গ্রামে তার বাড়ি।
বাংলাদেশ রাইফেলস ব্যাটেলিয়ন (বিডিআর) ৬ এর অধিনায়ক লে. কর্নেল লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার চর রেনুকা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা সীমান্তের ৩৭ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাব পিলারের কাছ থেকে হঠাৎ করে গুলি বর্ষণ করে। বিডিআরও পাল্টা গুলি চালায়।
বিএসএফ এর এলোপাথাড়ি গুলি বর্ষণে সীমান্তের জিরো লাইন থেকে এক হাজার গজ ভিতরে আদর্শ গুচ্ছ গ্রামের বাবুল মিয়ার স্ত্রী কুলসুম আতঙ্কিত হয়ে ঘরের ভেতরে জানালা বন্ধ করতে গেলে বিএসএফ এর ছোড়া গুলি জানালা দিয়ে তার পেটে বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরে সে মারা যায়।
এ ঘটনায় বিডিআর-এর পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়ে পত্র দেয়া হয়েছে। সীমান্তে চরম উত্তেজনা ও সীমান্ত এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এর আগে গত ১৯ জুন রাতে একই সীমান্তে বিএসএফ-এর গুলিতে সাদেকুল নামের এক বাংলাদেশী কৃষক নিহত হয়।
