কুড়িগ্রামে পুলিশি নির্যাতনে দিনমজুর নিহত, অভিযুক্ত এসআই গ্রেপ্তার
কুড়িগ্রামে অপরাধ বিরোধী অভিযানের নামে পুলিশ বুধবার এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করেছে।
এসআই আব্দুল হাকিমের নেতৃত্বে পুলিশের একটি দল বাঙ্গালিপাড়ার মিরের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাজুল ইসলামকে আটক করে।
এসময় তাজুলের বড় ভাই কাশিমউদ্দিন পুলিশের পায়ে ধরে তার ভাইকে ছেড়ে দিতে অনুনয় বিনয় করলে এসআই হাকিম তাকে এলোপাতাড়ি লাথি মারতে থাকে। এক পর্যায়ে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়ে। তারা অভিযুক্ত এসআইসহ পুলিশ ভ্যান ঘোরাও করে রাখে।
পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে এএসপি ফায়জুল হোসেন, ইউএনও মকবুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কর্তৃপক্ষ অভিযুক্ত এসআইকে শাস্তির ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
