মুক্তাঙ্গন ও শহীদ মিনারে কমিউনিটি প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনকালে অসুস্থ হয়ে ২ শিক্ষক হাসপাতালে
বেতন ভাতা বৃদ্ধির দাবিতে নগরীর মুক্তাঙ্গন ও শহীদ মিনারে কমিউনিটি প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি চলাকালে মঙ্গলবার দু’জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।
গুরুতর অসুস্থ অবস্থায় তাদের সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, নগরীর মুক্তাঙ্গনে আমরণ অনশন চলাকালে কাঠুয়াযোগী কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সিদ্দিকুর রহমান (৪০) অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া প্রায় একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন পালনকালে অসুস্থ হয়ে পড়া সিরাজগঞ্জের ঠাকুরপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদকে (৩০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
