বিশ্ব শরণার্থী দিবস মঙ্গলবার পালিত হবে
সারা বিশ্বের মতো দেশেও মঙ্গলবার ষষ্ঠ বিশ্ব শরণার্থী দিবস পালিত হতে যাচেছ। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আশা’।
জাতিসংঘের সাধারণ পরিষদে ২০০০ সালের ৪ ডিসেম্বর শরণার্থী দিবস পালনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে এবং আফ্রিকার শরণার্থী দিবসের সাথে সংহতি প্রকাশ করে ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) দিবসটি পালনের জন্যে বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছেন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার অ্যান্টোনিও গুটার্স দিবসটি উপলক্ষে এক বার্তায় বলেছেন, জাতিসংঘের শরণার্থী হিসেবে ৫৫ বছরের বেশি সময় ধরে আমরা যাদের সাহায্য করছি কোটি প্রাণ সেসব শরণার্থীর মধ্যে একটি অভিন্ন বিষয় লক্ষ্যণীয়। সবকিছু হারানোর পরও তারা এক অভিন্ন বৈশিষ্ট্যের অধিকারীÑ তারা কখনও আশাহীন হয় না।
বাংলাদেশে ইউএনএইচসিআর’র আবাসিক প্রতিনিধি পিয়া প্রিজ ফিরি মায়ানমারের উত্তর রাখাইন রাজ্যের শরণার্থীদের গত ১৫ বছর ধরে উদারভাবে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রশংসা করেন।
তিনি বলেন, মায়ানমার বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থী শিবিরগুলোতে ২১ হাজারের বেশি শরণার্থী রয়েছে। কেউ কেউ সারাজীবন ধরেই এখানে আছে। ষষ্ঠ বিশ্ব শরণার্থী দিবসে আমি তাদের দুর্দশার প্রতি সবার মনোযোগ আকর্ষণ করতে চাই এবং তাদের সমস্যার সমাধানে চাই আপনাদের সমর্থন।
ইউএনএইচসিআর এবং এর সহযোগী সংগঠনগুলো বিশ্বের পাঁচ কোটিরও বেশি বাস্তুচ্যুত মানুষকে তাদের জীবন নতুন করে শুরু করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। ইউএনএইচসিআর বিশ্বের একশ’রও বেশি দেশে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
সারা বিশ্বের মধ্যে আফ্রিকায় ২ কোটি ৫ লাখ ৭১ হাজার ৫০০, ইউরোপে ১ কোটি ৯ লাখ ৬৫ হাজার ৮০০, আমেরিকায় ৫ লাখ ৬৪ হাজার ৩০০, মধ্য ও পশ্চিম এশিয়ায় ২ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৩০০ এবং দক্ষিণ ও পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৮ লাখ ২৫ হাজার ৬০০ শরণার্থী রয়েছে।
বাংলাদেশে ডব্লিউআরডি এবং ইউএনএইচসিআর ঢাকা ও কক্সবাজারের শরণার্থী দিবস উপলক্ষে শরণার্থীদের অধিকার এবং অন্যান্য বিষয়আশয় নিয়ে সংবাদ সম্মেলন, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনীসহ বেশকিছু কর্মসূচি পালন করবে।
ইউএনএইচসিআর’র আবাসিক প্রতিনিধি মিসেস পিয়া প্রিজ ফিরি ২০ জুন সকালে ঢাকায় বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) রিফিউজি কাউন্সেলিং ইউনিটের শরণার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।
এদিকে শরণার্থী দিবস উপলক্ষে রেইনবো ফিল্ম সোসাইটি এবং ইউএনএইচসিআর যৌথভাবে জাতীয় জাদুঘরে ২০ জুন বিকাল ৪ টায় সেমিনারের আয়োজন করেছে। সেমিনার শেষে সংশ্লিষ্ট বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
এছাড়া ২২ জুন বিকাল সাড়ে ৪ টায় সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ আইনজীবী পরিষদের আইন শিক্ষা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট ‘বাংলাদেশের শরণার্থী আইন’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করবে।
এদিকে বাংলাদেশ সরকার, ইউএনএইচসিআর এবং সহযোগী এনজিওগুলোর সম্মিলিতভাবে কক্সবাজারের দুটি শরণার্থী শিবিরে ২০ জুন বিভিন্ন কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, আলোচনা, শরণার্থী শিশুদের মধ্যে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
