কুড়িগ্রামে জঙ্গি সন্দেহে ১৩ জন আটক
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গম চরাঞ্চলের বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে পুলিশ রোববার জঙ্গি সন্দেহে ১৩ জনকে আটক করেছে।
সদর থানা পুলিশ রোববার দুপুর দুইটার দিকে তাদের আটক করে। আটককৃতদের বয়স ৭ থেকে ৪৫ বছরের মধ্যে।
পুলিশ জানায়, প্রায় ৪০ দিন ধরে তারা মাদ্রাসা স্থাপন এবং কুরান শিক্ষার নামে ইসলামপুর উত্তরপাড়া জামে মসজিদে আবস্থান করছিলো।
আটককৃতরা হলো কুড়িগ্রামের ইসলামপুর গ্রামের তোফাজ্জেল হোসেন (৪৫), আবু সাইদ (১৯), চাঁদপুরের আবু তাহের (২৯), পিরোজপুরের আব্দুর রহমান (২৫), বরিশালের মুলাদী গ্রামের অলি উল্লাহ (১৫), সাতক্ষীরার সেনেরগাতি গ্রামের ওবায়দুর রহমান (১৬), কুষ্টিয়ার আড়পাড়া গ্রামের মেহেদী হাসান (৯), খুলনার ফুলবাড়ী গেট এলাকার জোবায়ের হোসেন (১৩), চাঁদপুরের আশরাফপুর গ্রামের আবু তালহা (৭), ফরিদপুরের গোয়াইলমারী ভারলিয়ারচর গ্রামের আবু ইউসুফ (১৬), সাতাইর গ্রামের সেলিম শেখ (১৬), কমলেসরাদ্দি গ্রামের হাবিবুর রহমান (১৭) ও একই গ্রামের আব্দুল আওয়াল (১৮)।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, তাদের আচার আচরণ সন্দেহজনক হওয়ায় আটক করা হয়েছে। আটককৃতরা কোনো জঙ্গি সংগঠন বা অপরাধমূলক কাজে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
