২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা--সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার থেকে পালিত হবে প্রাথমিক শিক্ষা সপ্তাহ

সর্বস্তরের মানুষের মধ্যে প্রাথমিক শিক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার থেকে সারা দেশে পালিত হবে প্রাথমিক শিক্ষা সপ্তাহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 10:57 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

এ উপলক্ষে অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহম্মদ জমিরউদ্দিন সরকার এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।

ব্যারিস্টার মুহম্মদ জমিরউদ্দিন সরকার তার বাণীতে বলেন, দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। বর্তমান বিশ্বব্যবস্থায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রাথমিক স্তর থেকে মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষা ব্যবস্থার ভিত্তি। সরকার ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে দেশব্যাপী ‘দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’সহ বিভিন্ন সমন্বিত উন্নয়নমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। ফলে ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শিশুর স্কুলে ভর্তির হার ৯৭ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে জেন্ডার বৈষম্য দূর করে আমরা জাতিসংঘঘোষিত সহস্রাব্দ উন্নয়নের একটি লক্ষ্য অর্জন করেছি। আমাদের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার এবং প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী ও সমন্বিত কর্মসূচি বাস্তবায়নের ফলে এ সকল অর্জন সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, কর্মে নিয়োজিত, বিদ্যালয়ত্যাগী ও ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষার আওতায় আনার জন্য ২০০৪ সাল থেকে রিচিং আউট--অব--স্কুল চিল্ড্রেন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে গৃহীত এ সকল কর্মসূচির অভীষ্ঠ লক্ষ্য অর্জনে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী এবং কর্মকর্তা--কর্মচারিসহ সংশ্লিষ্ট সকলকে তিনি একযোগে কাজ করার আহ্বান জানান।