২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সমালোচনা করায় সাবেক ফুটবলারদের একহাত নিলেন ল্যাম্পার্ড

চলমান বিশ্বকাপে ইকুয়েডরের সাথে সূচনা ম্যাচে ইংল্যান্ডের সূচনাটা খুব একটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে ত্রিনাদাদ ও টোবাগোর বিরুদ্ধে ভালোভাবেই ফিরে এসে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে অন্যতম ফেবারিট ইংল্যান্ড।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

কিন্ত তারপরও ইংল্যান্ডের এই পারফরম্যান্স নিয়ে তাদের সাবেক খেলোয়াড়রা কটাক্ষ করতে পিছিয়ে নেই। তবে ইংল্যান্ড দলকে নিয়ে সাবেকদের এই সমালোচনার মোক্ষম জবাব দিয়েছেন ইংল্যান্ডের মাঝমাঠের খেলোয়াড় ফ্রাংক ল্যাম্পার্ড।

ল্যাম্পার্ড কারও নাম উল্লেখ না করলেও তিনি যে ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক অ্যালান শিয়েরারে দিকেই অঙ্গুলি নির্দেশ করেছেন সেটা অনেকটাই পরিস্কার। শিয়েরার বর্তমানে বিবিসি’র একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।

ল্যাম্পার্ড বলেন, ‘বিশ্বকাপে প্রচন্ড চাপের মধ্যে খেলার অভিজ্ঞতা সম্পন্ন সাবেক খেলোয়াড়দের কাছ থেকে এ ধরনের নেতিবাচক মন্তব্য শোনার চাইতে খারাপ আর কিছুই হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘গঠনমূলক কোন কিছু বলার তুলনায় নেতিবাচক মন্তব্য করা অনেক বেশি সহজ। এর মাধ্যমে ইস্যু তৈরী করা ছাড়া আর কিছুই করা সম্ভব নয়।’

সভেন গোরান এরিকসনের দলের সমালোচনায় মুখর হওয়া সাবেক খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ইয়ান রাইট, ক্রিস ওয়াডেল এবং টেরি বুচার।

ল্যাম্পার্ড সমালোচকদের নাম উল্লেখ না করলেও বেশ কুটনৈতিকচালেই বুঝিয়ে দিয়েছেন তাদের কথা।

ল্যাম্পার্ড বলেন, ‘আমি শুধু আমার কথাই বলতে চাই। আমি সাম্প্রতিককালের সাবেকদের কথাই বলছি। ইংল্যান্ডের হয়ে ফুটবল খেলা সবচেয়ে গৌরবের বিষয়।’

সমালোচকদের মধ্যে বিশেষ করে শিয়েরার প্যারাগুয়ে এবং ত্রিনিদাদ ও টোবাগোর বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের জন্য দলের পারফরম্যান্স এবং এরিকসনের কৌশল নিয়ে সমালোচনা করেন।