খেলা দেখতে না পারায় আবারো বাগেরহাটে পল্লী বিদ্যুতের ২টি অফিসে বিক্ষুব্ধ গ্রাহকের হামলা--ভাংচুর, আহত ২
প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখতে না পেরে বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার রাতে বাগেরহাটের ফকিরহাট ও কচুয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) দুটি অফিসে আবারো হামলা চালিয়েছে।
এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা অফিস দুটিতে ব্যাপক ভাংচুর করে। এতে সমিতির দু’জন কর্মচারী আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকেই অফিস দুটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ তিন শতাধিক ব্যক্তির নামে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে। তবে এতে সুনির্দিষ্টভাবে কাউকে আসামী করা হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিশ্বকাপ ফুটবলের ফেবারিট আর্জেন্টিনার সাথে সার্বিয়া ও মন্টিনিগ্রোর মধ্যকার খেলার সময় এলাকায় বিদ্যুত না থাকায় এলাকাবাসী খেলা দেখতে পারেনি। এতে বিক্ষুব্ধ পল্লী বিদ্যুতের কয়েক শ’ গ্রাহক ঐক্যবদ্ধ হয়ে ওই হামলা চালায়।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আব্দুল মালেক বিডিনিউজকে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কিছু লোক দলবদ্ধ হয়ে ফকিরহাট জোনাল অফিস ও কচুয়া অভিযোগ কেন্দ্রে হামলা চালায়। এতে ফকিরহাটে তাদের দুই জন কর্মী আহত হয়।
এর আগে গত ১৪ জুন রাতে বিশ্বকাপ খেলা দেখতে না পেরে সমিতির বিক্ষুব্ধ গ্রাহকরা বাগেরহাট, কচুয়া, চিতলমারী ও শরণখোলা অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছিল।
