বাগেরহাটে র্যাবের ক্রসফায়ারে ডাকাত সর্দার নিহত
বাগেরহাটের শরণখোলা উপজেলার কদমতলা গ্রামে শনিবার ভোরে র্যাবের ক্রসফায়ারে ডাকাত সর্দার নিহত হয়েছে।
নিহতের নাম কামাল খাঁ ওরফে কামাল সরদার (৩৮)। নিহত কামাল সুন্দরবনের একটি ডাকাত দলের প্রধান ছিল। সে বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের সফিজুদ্দিনের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কামালকে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রাম থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।
পরে কামালের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কদমতলায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় কামাল র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় কামালকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি বিদেশী এয়ারগান ও ২৪ রাউন্ড বিভিন্ন আগ্নেয়াস্ত্রের গুলি এবং তিনটি গুলির খোসা উদ্ধার করে।
র্যাব আরো জানায়, নিহত কামালের বিরুদ্ধে সুন্দরবনের বনদস্যু বাহিনীর প্রধান রাজ্জাক ও হায়দার জোড়া হত্যা, ডাকাতি, অপহরণ, নারী নির্যাতন এবং চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন থানায় নয়টি মামলা এবং ১৮টি জিডি রয়েছে।
কামাল খাঁ সুন্দরবনে তার নিজের নামে একটি বাহিনী গঠন করে দীর্ঘদিন ধরে সুন্দরবন ও বঙ্গোপসাগর এলাকায় জেলে বাওয়ালীদের নৌকায় ডাকাতি, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ সুন্দরবনের সম্পদ লুণ্ঠন করে আসছিল।
বিগত ২০০০ সালে শরণখোলায় এক অনুষ্ঠানে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে ৮টি আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আত্মসমপর্ণ করেছিল।
