২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয়ে র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থি দলের ২ শীর্ষ নেতা নিহত

নওগাঁর আত্রাই উপজেলার সিংছাড়া গ্রামে র‌্যাবের ক্রসফায়ারে শুক্রবার ভোরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল (লাল পতাকার)’র দুই শীর্ষ নেতা নিহত হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 12:14 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিহত চরমপন্থিরা হচ্ছে -- পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল (লাল পতাকার)’র র বৃহত্তর রাজশাহীর সামরিক কমান্ডার আবুল ফজেল ওরফে তুষার (৩৮) এবং একই দলের আত্রাই থানা কমান্ডার মুক্তার হোসেন ওরফে আগুন (৩৭)। তুষার আত্রাই উপজেলার দমদমা গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং মুক্তার একই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও র‌্যাব জানায়, র‌্যাব রাজশাহী-৫ আত্রাই ক্যাম্পের সদস্যরা নাটোরের সিংড়া উপজেলার নিলকদমা গ্রাম থেকে বৃহস্পতিবার তুষার ও মুক্তারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা তাদেরকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য শুক্রবার ভোর ৪টার দিকে সিংছাড়া গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তুষার ও মুক্তারের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় চরমপন্থিরা র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে তুষার ও মুক্তার ঘটনাস্থলে নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও একটি রিভলবার উদ্ধার করেছে।

পুলিশ লাশ দু’টি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

র‌্যাব জানায়, নিহত তুষার ও মুক্তারের বিরুদ্ধে ৬টি হত্যা, ১৪টি চাঁদাবাজি এবং অপহরণসহ বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে।

এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।