কোস্টারিকা’কে ৩-- ০ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে ইকুয়েডর।
জার্মানির হামবুর্গে বিশ্বকাপ ফুটবলের ‘এ’ গ্র“পের চতুর্থ ম্যাচে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর কোস্টারিকা’কে ৩ -০ গোলে হারিয়ে এবারের আসরের দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
বিশ্বকাপের মূল আসরে দ্বিতীয়বারের অংশগ্রহণেই ইকুয়েডর নক আউট পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করলো।
খেলার প্রথম থেকেই মধ্যমাঠ নিয়ন্ত্রণে রেখে খেলতে শুরু করে ইকুয়েডর। পরিকল্পিত আক্রমণে মাত্র ৮ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় তারা। কোস্টারিকা’র গোলমুখে ইকুয়েডরের ফরোয়ার্ড অগাস্টিন ডেলগাডো’র শটটি রক্ষণভাগের খেলোয়াড়রা ফিরিয়ে দেয়। এই সুযোগে ইকুয়েডরের অপর মিডফিল্ডার লুইস ভ্যালেন্সিয়া গোলমুখে চমৎকার একটি ক্রস তুলে দেন। ফরোয়ার্ড কার্লোস টেনোরিও নিপুণ হেডে বলটি জালে জড়িয়ে দেন।
সমতা ফিরিয়ে আনতে প্রথমার্ধের বাকী সময়টুক কোস্টারিকা কয়েকটি আক্রমণের চেষ্টা চালায়। কিন্তু ইকুয়েডরের শক্ত রক্ষণভাগে বড় ধরনের কোনো ফাটল ধরাতে পারেনি কোস্টারিকা’র স্ট্রাইকাররা। বরং খেলার ৪১ মিনিটে ইকুয়েডর আরেকটি গোলের চমৎকার সুযোগ পায় । মিডফিল্ডার এডউইন টেনোরিও’র ডিফ্লেক্টেড শটটি কোস্টারিকা’র গোলরক্ষক জোসে পোরাস ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলে গোলটি থেকে বঞ্চিত হয় ইকুয়েডর।
গোল ব্যবধান আরো বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরো আক্রমণাত্মক খেলতে শুরু করে শক্তিশালী ইকুয়েডর। কোস্টারিকা’র রক্ষণব্যুহ ছত্রখান করে গোলও আসে বেশ অল্প সময়েই। ইকুয়েডরের মিডফিল্ডাররা মাঠের ডান পাশ থেকে আক্রমণ শানিয়ে বলটি ঠেলে দেয় পেনাল্টি বক্সের মধ্যে এগিয়ে যাওয়া ফরোয়ার্ড অগাস্টিন ডেলগাডো’র দিকে। জোসে পোরাস’কে কোনো সময় না দিয়েই দুর্দান্ত এক ফ্লিকে বলটি জালে ঢুকিয়ে দেন ডেলগাডো।
খেলার ৬৯ মিনিটে আরো একটি গোলের দেখা পায় ইকুয়েডর। বদলি ফরোয়ার্ড ইভান ক্যাভিদেস বলটি গোলে প্রবেশ করাতে সমর্থ হলেও অফ সাইডের কারনে গোলটি বাতিল করে দেন বেনিনের রেফারী কফি কডজিয়া। কিন্তু হতাশ হতে হয়নি ইভানকে। অতিরিক্ত সময়ে ইকুয়েডরের পক্ষে তৃতীয় গোলটি করে ইভান জয়ের ব্যবধানকে আরো বাড়িয়ে দেন।
ইকুয়েডর তাদের প্রথম খেলায় পোল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করেছিল। গ্র“পের এপর্যন্ত খেলা ২টি ম্যাচেই জয়লাভ করায় ইকুয়েডর এখন জার্মানির সাথে যৌথভাবে ‘এ’ গ্র“পের শীর্ষে অবস্থান করছে।
ইকুয়েডর ২০ জুন বার্লিনে তাদের শেষ গ্র“প ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক জার্মানির। এই খেলার জয়- পরাজয় থেকেই নির্ধারিত হবে ‘এ’ গ্র“পের চ্যাম্পিয়ন কে হচ্ছে। একই দিনে হ্যানোভারে ‘এ’ গ্র“পের শেষ ম্যাচে বিদায়ী কোস্টারিকা মুখোমুখি হবে গ্র“পের অপর বিদায়ী দল পোল্যান্ডের।
