নিউইয়র্কের দুটি এভিনিউয়ের নামকরণ হচ্ছে ৯/১১ হামলায় নিহত ২ বাংলাদেশীর নামে
নিউইয়র্ক সিটি কাউন্সিল ৯/১১ এর ঘটনায় নিহত দুই বাংলাদেশীর স্মরণে দুটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ওই ঘটনায় নিহত দুই বাংলাদেশী শাকিলা ইয়াসমিন এবং নুরুল হক মিয়ার স্মরণে যে দুটি সড়কের নামকরণ করা হচ্ছে- সেগুলো হল: নিউইয়র্কের থার্ড এভিনিউয়ের দক্ষিণপূর্ব প্রান্ত এবং ওভিংটন এভিনিউ। আগামী ২৪ জুন আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নিউইয়র্কের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশীদের প্রত্যক্ষভাবে সম্মান জানানো হচ্ছে।
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের অনুরোধের পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক সিটি কাউন্সিল এ সিদ্ধান্ত নেয়।
কাউন্সিল সদস্য ভিনসেন্ট জে জেনটাইল ৬ জুন এক চিঠিতে বাংলাদেশ দূতাবাসকে জানায়, ৯/১১ এর সন্ত্রাসী হামলায় নিহত দুই বাংলাদেশীর সম্মানে নিউইয়র্কের দুটি এভিনিউয়ের নামকরণের সিদ্ধান্ত কাউন্সিলে গৃহীত এবং পরবর্তীতে আইন হিসেবে পাস হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কের দুটি এভিনিউয়ের নাম ৯/১১ এর দুজন নিহতের নামে নামকরণের মাধ্যমে শুধু নিহত দুজনকেই সম্মান জানানো হল না, বরং নিউইয়র্ক ও নিউইয়র্কের বাইরে অবস্থানরত বাংলাদেশী আমেরিকানদের অবদানেরও স্বীকৃতি ও সম্মান জানানো হল।
