চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১২
চট্টগ্রামে বৃহস্পতিবার পৃথক দুটি দুর্ঘটনায় মহিলাসহ চারজন নিহত ও ১২জন আহত হয়েছে।
সীতাকুন্ডু উপজেলার বড় আউলিয়ার একটি ওয়ার্কশপে বৃহস্পতিবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন চা দোকানদার নিহত ও আরো দুজন আহত হয়।
নিহত চা দোকানদারের নাম ফয়েজ আহমেদ।
আহতরা হল- ওয়ার্কশপের মালিক ইউসুফ ও কর্মচারি স্বপন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নং গেটের কাছে আলাওল দিঘী এলাকায় ভোর সাড়ে ৬টার দিকে একটি ট্রাক উল্টে ঘটনাস্থলেই একজন মহিলাসহ তিনজন নিহত ও আরো ১০ জন আহত হয়।
নিহতরা হল- নুরুল ইসলামের মেয়ে বাঁচুনি বেগম, নওয়াব মিয়ার ছেলে নুরুল আলম ও মোহাম্মদ রফিকের ছেলে নুরউদ্দিন আহমেদ।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতহতরা হাটহাজারি থেকে চট্টগ্রাম শহরে আসছিলো।
দুটি ঘটনায় সীতাকুন্ডু ও হাটহাজারি থানায় পৃথক মামলা হয়েছে।
