২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাল উদ্দিন অপহরণ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)--৭ এর একটি দল বিএনপি নেতা ও ব্যবসায়ী জামাল উদ্দিন অপহরণ মামলার অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

চাঞ্চল্যকর এ অপহরণ মামলার প্রায় তিন বছর পর র‌্যাব সদস্যরা বুধবার বেলা আড়াইটার দিকে কালুরঘাট এলাকা থেকে অভিযুক্ত আবুল মনসুর ওরফে বালি মনসুরকে আটক করে।

গ্রেপ্তারকৃত মনসুর মামলার প্রধান আসামি শহীদ চেয়ারম্যান, কাশেম চেয়ারম্যান ও কালা মাহাবুবের ঘনিষ্ঠ সহযোগী। জামালা উদ্দিন অপহরণ ঘটনায় সে জড়িত ছিলো বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারের পর আবুল মনসুরকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

শহীদ চেয়ারম্যান, কালা মাহবুব আগেই গ্রেপ্তার হলেও অপর দু আসামি কাশেম চেয়ারম্যান ও বিএনপি সাংসদ সারোয়ার জামাল নিজামের ভাই মারুফ নিজাম ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) বিএনপির সহ--সভাপতি জামাল উদ্দিনকে ২০০৩ সালের জুলাই মাসে অপহরণ করা হয়।

অপহরণের পর তাকে হত্যা করে ফটিকছড়ির প্রত্যন্ত গ্রামে কবর দেওয়া হয়। র‌্যাব সদস্যরা ব্যাপক অভিযান চালিয়ে কবর থেকে জামাল উদ্দিনের লাশ উত্তোলন করে। পরে ডিএনএ টেস্টে প্রমাণ হলে এ বছরের ১১ মার্চ আনোয়ারা উপজেলায় তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।