খুরশীদ জাহান হকের জীবন বৃত্তান্ত
প্রয়াত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক ১৯৩৯ সালের ১১ আগস্ট দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ সালে দিনাজপুর থেকে মেট্রিকুলেশন, ১৯৫৬ সালে টাঙ্গাইল কুমুদিনি কলেজ থেকে আইএ এবং একই কলেজ থেকে ১৯৫৮ সালে বিএ ডিগ্রি লাভ করেন।
খুরশীদ জাহান হক কুমুদিনি কলেজে অধ্যয়নকালে ১৯৫৬ থেকে ৫৭ সাল পর্যন্ত কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জাগদলের প্রতিষ্ঠালগ্ন থেকে সদস্য ও একজন মহিলা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, চক্ষু হাসপাতাল দিনাজপুরের আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, জাতীয় ও আর্থসামাজিক উন্নয়নমূলক সংস্থ'া ‘আশ্বাস’--এর প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন আর্থসামাজিক ও নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
খুরশীদ জাহান হক সংরক্ষিত মহিলা আসনে ১৯৯১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য মনোনীত হন। তিনি দিনাজপুর-- ৩ আসন থেকে ১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারি এবং একই বছর ১২ জুন এবং ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
খুরশীদ জাহান হক বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা পালন করেন। তিনি চীনে লিডার অব দি ডেলিগেশন হাইপাওয়ার উইমেন পার্লামেন্টারি কনফারেন্স, ১৯৯৪ সালে জাকার্তার সেকেন্ড এশিয়ান অ্যান্ড প্যাসিফিক মিনিস্টিরিয়াল কনফারেন্স, ১৯৯৫ সালে জাপান জেন্ডার পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কনফারেন্স, একই বছর চীন ফিফথ ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর উইমেন, ১৯৯৭ সালে দিল্লিতে আন্তর্জাতিক নারী সম্মেলন এবং কমনওয়েলথ পার্লামেন্টারি ডেলিগেশন সিম্পোজিয়ামসহ বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেন।
খুরশীদ জাহান হক দেশের বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা গ্রহণ ছাড়াও দিনাজপুরের পর্যটন কেন্দ্র রামসাগর--এর উন্নয়ন ও মোটেল নির্মাণ এবং দিনাজপুর জজকোর্ট ভবন নির্মাণে সহযোগিতা করেন। কান্তজীর মন্দিরের উন্নয়ন ও খানপুর করিডোর স্থাপনে সক্রিয় অংশগ্রহণ ছাড়াও বড়পুকুরিয়ায় কয়লা খনি ও মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প বাস্তবায়নে খুরশীদ জাহান হকের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে।
বিশিষ্ট সমাজসেবী বেগম তৈয়বা মজুমদারের কন্যা খুরশীদ জাহান হকের অন্যতম শখ ছিল অবসরে বই পড়া, গল্প ও কবিতা লেখা, ফুলের বাগান ও এর পরিচর্যা করা এবং ভালমন্দ রান্না করা। তিনি ছিলেন স্পষ্টভাষী। দেশের মানুষের জন্যে ভাল কিছু করা তার অন্যতম আগ্রহের বিষয় ছিল।
বেগম খুরশীদ জাহান হক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী হিসেবে ২০০১ সালের ১০ অক্টোবর দায়িত্বপ্রাপ্ত হন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
