কুষ্টিয়ায় সাংসদ শহীদুলের বিরুদ্ধে পোস্টারিং
কুষ্টিয়ায় সাংবাদিক নির্যাতনসহ একাধিক অভিযোগে অভিযুক্ত সাংসদ শহীদুল ইসলামের বিরুদ্ধে তার নির্বাচনী এলাকা ভেড়ামারা ও মিরপুর উপজেলা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাই তার বিরুদ্ধে জনমত গঠনের আহবান জানিয়েছে। তার ‘অপকর্মের’ বিরুদ্ধে এলাকায় পোস্টারিং করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ভেড়ামারা, মিরপুর ও কুষ্টিয়া শহরের বিভিন্ন সরকারী--বেসরকারী স্থাপনার গায়ে এসব পোস্টার লাগানো হয়েছে।
সূত্র জানায়, ষড়যন্ত্রমূলক মামলা ও নির্যাতনের শিকার ভেড়ামারা ও মিরপুরের নেতাকর্মীরা সোমবার কুষ্টিয়া--২ (ভেড়ামারা--মিরপুর) আসনের সাংসদ অধ্যাপক শহীদুল ইসলামের বিরুদ্ধে এ পোস্টারিং করেছে।
পোস্টারে মিরপুর থানা বিএনপির সিনিয়র সহ--সভাপতি তাজুব্বর মণ্ডল, ভেড়ামারা ও মিরপুরের সুমন, নওশাদ, ইদ্রিস, শাজাহানসহ দু শতাধিক নেতাকর্মীর নামে ওই সাংসদের ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
এই সাংসদের চাঁদাদাবির মামলা ও হুমকির মুখে কুষ্টিয়ার তিন সাংবাদিক কুষ্টিয়া ছেড়েছে। তারই ক্যাডারদের ভাংচুর ও হুমকির কারণে ১৫ দিন ধরে প্রকাশনা বন্ধ থাকে স্থানীয় দৈনিক আন্দালনের বাজার--এর। এছাড়া ২৯ মে সাংবাদিক নির্যাতনবিরোধী সমাবেশে তার ক্যাডারদের হামলায় সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীসহ ঢাকা ও ফরিদপুরসহ জেলার ২৩ সাংবাদিক আহত হয়। এরপর পাঁচদিন অতিবাহিত হলেও কুষ্টিয়া সদর থানা এই প্রভাবশালী সাংসদের বিরুদ্ধে মামলা নেয়নি।
