বাগেরহাটের মংলায় র্যাবের এনকাউন্টারে চরমপন্থি দলের আঞ্চলিক কমান্ডার নিহত
বাগেরহাটের মংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ গ্রামে সোমবার ভোররাতে র্যাবের এনকাউন্টারে নিষিদ্ধঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি এম.এল. জনযুদ্ধ গ্র“পের আঞ্চলিক কমান্ডার রফিকুল ইসলাম হাওলাদার ওরফে রফিক (৩৮) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা ৬ রাউন্ড গুলিসহ একটি পাইপগান উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, র্যাব সদস্যরা রফিকুলকে গত বুধবার সন্ধ্যায় রামপালের পেড়িখালি গ্রাম থেকে গ্রেপ্তার করে। এর পর থেকে তাকে খুলনাস্থ র্যাব-৬ এর কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
পুলিশ জানায়, রফিকুল বাগেরহাট পুলিশের তালিকাভুক্ত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী।
তবে র্যাব-৬ এর তথ্য ডেস্ক থেকে বলা হয়েছে, রোববার সকালে মংলা এলাকা থেকে রফিকুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে রাতে জয়খাঁ গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে এনকাউন্টারে রফিকুল নিহত হয়। অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৬ রাউন্ড গুলি এবং দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
র্যাব আরো জানায়, নিহত রফিকুল ইসলাম চরমপন্থি জনযুদ্ধ গ্র“পের রামপাল ও মংলা উপজেলার দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ ডাকাতি, চিংড়ি ঘের দখল ও নারী নির্যাতনের নয়টি মামলা এবং ছয়টি জিডি রয়েছে। নিহত রফিকুল মংলা উপজেলার সোনাইলতলা গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে।
এ ঘটনায় র্যাব-৬ এর ডিএডি কাজিম উদ্দিন মংলা থানায় একটি মামলা করেছেন। সোমবার সকালে বাগেরহাট মর্গে রফিকুলের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।
