বাগেরহাটে র্যাবের এনকাউন্টারে চরমপন্থি নিহত
বাগেরহাটের মংলা বন্দরের জয়খাঁ গ্রামে র্যাবের এনকাউন্টারে সোমবার ভোরে এক চরমপন্থি সদস্য নিহত হয়েছে। নিহত চরমপন্থির নাম রফিকুল ইসলাম হাওলাদার ওরফে ডাকাত রফিক। সে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির একজন ক্যাডার।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল রোববার মংলা এলাকায় অভিযান চালিয়ে রফিককে গ্রেপ্তার করে।
রফিকের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তার করতে জয়খাঁ গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রফিকের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় রফিক র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি পাইপ গান এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে।
র্যাব জানায়, নিহত রফিকের বিরুদ্ধে তিনটি হত্যাসহ নয়টি মামলা রয়েছে।
