২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী ও ১ ভারতীয় নিহত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে দুই বাংলাদেশী এবং এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছে। কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার হাকিমপুরে শুক্রবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

নিহতরা বাংলাদেশী নাগরিকরা হলো-- কলারোয়া উপজেলার লাওঝাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে লাল্টু দালাল (২৬) এবং একই উপজেলার গোয়ালচাতর গ্রামের মুজিবর রহমান ওরফে ইসলাম (২৫)। নিহত ভারতীয় নাগরিকের নাম ও পরিচয় জানা যায়নি।

সূত্র জানায়, শুক্রবার ভোরে ৮--১০ জনের একটি চোরাকারবারী দল গরু নিয়ে হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলো। এসময় হাকিমপুর মাঠে বিএসএফ তাদের লক্ষ করে গুলি চালালে ঘটনাস্থলেই লাল্টু ও ওই ভারতীয় নাগরিক নিহত হয়।

বিএসএফ গুলিবিদ্ধ বাংলাদেশী গরু ব্যাবসায়ী মুজিবর রহমানকে আটক করে হাকিমপুর ক্যাম্পে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ভারতের স্বরূপনগর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাটের বদরতলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে সূত্র জানায়।

এ বিষয়ে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ৪১ ব্যাটালিয়নের উপ--অধিনায়ক হুমায়ন কবির বলেন, কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুরে মটর পার্টস আনার সময় এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া অন্য কেও মারা যাওয়ার কথা তার জানা নেই।