২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার পেলেন এফপিএবি’র ড. হালিদা হানুম

প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিশিষ্ট গবেষক ও বাংলাদেশ পরিবার-পরিকল্পনা সমিতি (এফপিএবি)’র মহাপরিচালক ড. হালিদা হানুম আখতার জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার পেয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 12:50 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে বুধবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের উপ-মহাসচিব মার্ক মালোচ ব্রাউন এর কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার কমিটির চেয়ারপারসন জুডিথ এমবুলা বাহেরমুকা।

জনসংখ্যা স্বাস্থ্য উন্নয়ন ও ব্যক্তি কল্যাণের ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

ড. হালিদা হানুম আখতার ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান এ্যান্ড সার্জনস থেকে স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যায় এমসিসিএস ডিগ্রি অর্জন করেন। ড. হালিদা পাবলিক হেলথ বিষয়ে উচ্চ শিক্ষার্থে জনস হপকিনস ইউনিভার্সিটি পপুলেশন ডাইনামিক্স বিভাগ থেকে প্রথম মাস্টার্স ইন পাবলিক হেলথ এবং ১৯৮২ সালে ডক্টরেট ইন পাবলিক হেলথ ডিগ্রি অর্জন করেন। ১৯৬৯ সালে পরিবার-পরিকল্পনা মোবাইল টিমের মেডিক্যাল অফিসার হিসাবে তিনি কর্ম জীবন শুরু করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ ফার্টিলিটি রিসার্চ প্রোগ্রাম (বিএফআরপি)’র মহাপরিচালক হিসাবে যোগদানের মধ্য দিয়ে গবেষণা জগতে পদার্পন করেন।

তার অক্লান্ত পরিশ্রমে বিএফআরপি রূপান্তরিত হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব এসেনসিয়াল এ্যান্ড রিপ্রডাকটিভ হেলথ এ্যান্ড টেকনোলজিতে যা বারপাট নামেই পরিচিত। তিনি দীর্ঘ ১৭ বছর বারপাটের সফল পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।

ড. হালিদা যুক্তরাষ্ট্রে অবস্থিত এপ্রোপ্রিয়েট টেকনোলজি ইন হেলথ (পাথ) এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান। তিনি ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল (এফএইচআই) এ পরিচালনা পরিষদের সদস্য হিসেবে বিশেষ অবদানের জন্য ১৯৯৭ সালে আমেরিকার জনস হপকিনস ইউনিভার্সিটি থেকে বিজ্ঞান গবেষণা বিষয়ক আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করেন।

ড. হালিদা এফপিএবিতে যোগদান করার পূর্বে হেলথ প্রোমোশন লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। ফোর্ড ফাউন্ডেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পদেও তিনি দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশন কমিটি, আইসিডিডিআরবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে যুক্ত আছেন। ড. হালিদা হানুম আখতার শান্ত-মরিয়ম ইউনির্ভাসিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ডীন এবং আমেরিকার জনস হপকিনস ইউনির্ভাসিটিসহ বহু আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।