কেরানীগঞ্জে সন্ত্রাসীদের হাতে মটর শ্রমিক খুন
কেরাণীগঞ্জের রুহিতপুর গ্রামে সন্ত্রাসীরা এক মটর শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ বৃহস্পতিবার একথা জানায়।
নিহত প্রদীপ চন্দ্র পাল (৩০) রুহিতপুর গ্রামের হরিপদ পালের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, প্রদীপকে সোবহান নামে এক সন্ত্রাসী বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় সুমাইয়া সিনেমা হলের পিছনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।
হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, সোবহান (৩৫), রমজান আলী (৩০) ও সাইফুল ইসলাম (২৫)।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
