২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে ১৮ জুন থেকে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘটের ডাক

দশ দফা দাবীতে ১৮ জুন থেকে উত্তরাঞ্চলে অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সরকারের সাথে তাদের ৮ দফা দাবিতে যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়ন না হওয়ায় আরও নতুন দু’টি দাবি সংযোজন করে নতুন এ কর্মসূচি ঘোষণা দিয়েছে পরিষদের নেতৃবৃন্দ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

রংপুর টাউন হলে উত্তরাঞ্চরের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের এক যৌথসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বলা হয়, ২০০৩ সালের ২০ আগষ্ট ঢাকায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৮ দফা দাবি নিয়ে যোগাযোগ মন্ত্রীর সভাপতিত্বে  অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে সম্পাদিত চুক্তিপত্রের শর্তাবলী  আজও পূরণ হয়নি।

নতুন সংযোজিত দু’দফা দাবি হচ্ছে সারা দেশে পরিবহনের বাধ্যতামূলক বীমা নীতি বাতিল করে সরকার মালিক ও শ্রমিকদের নিয়ে যৌথ তহবিল গঠন করে দূর্ঘটনা কবলিত পথচারীদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবা প্রদান এবং তিস্তা, সিংরা ও মোহন ব্রিজের টোল আদায় বন্ধ করা।

চুক্তি মোতাবেক আন্তঃজেলা বিআরটিসি’র দোতলা বাস চলাচল বন্ধ করা ছাড়া  অন্যান্য দাবি সরকার পূরণ না করায় মালিক শ্রমিকদের ওই সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির উপদেষ্টা ও রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি আবু আজগর আহমেদ পিন্টু। বক্তব্য রাখেন, সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক হাবীবুর রহমান খান প্রমুখ।