ট্রেনে কাটা পড়ে রাবি ছাত্র নিহত, রেল স্টেশন ভাংচুর, অগ্নিসংযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনে সিল্ক সিটি ট্রেনে কাটা পড়ে সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে।
নিহত শরিফুল হক হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
সূত্র জানায়, রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা রাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের আসবাব পত্র ভাংচুর ও অগ্নিসংযোগসহ মঙ্গলবার দুপুর পর্যন্ত রেল পথ অবরোধ করে রাখে। এ ছাড়া সকাল থেকে রাবির সকল রুটে বাস চলাচল বন্ধ থাকে।
শরিফুল হকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
