২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলুর সন্তানরা তাদের মায়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে

বেরসকারি টিভি চ্যানেল বৈশাখীর পরিচালক এমএইচ বুলুর সন্তানেরা এবার তাদের মায়ের বিরুদ্ধে বিয়ে বহির্ভূত অবৈধ সম্পর্কের পাল্টা অভিযোগ এনেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বুলুর ইংল্যান্ড প্রবাসী কন্যা হোসনে নওশিন লায়লা বুলু রাজধানীর একটি হোটেলে সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, আমার বাবা ঢাকা ব্যাংকের একজন পরিচালক। তিনি সম্পূর্ণ নির্দোষ।

নওশিন সোমবার বিকেলে দেশে ফিরেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে নওশিন বলেন, আমার মা হোসনে আরা নাজনীন আমার বাবার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন।

ইংল্যান্ডের এসেক্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশিন বলেন, গত দু বছরে আমার মায়ের সাথে সাবেক ছাত্রনেতা মঈনুল মোস্তাকের বিয়ে বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এর ফলে আমার বাবা--মায়ের দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটে। এজন্যে আমার মা দায়ী।

সামাজিকভাবে হেয় করার জন্যেই তার মা হোসনে আরা নাজনীন তার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে বলে নওশিন জানান।

গত ৩১ মে বুলুর সাবেক স্ত্রী হোসনে আরা নাজনীন এবং অপর একজনের দায়ের করা মামলায় পুলিশ বুলুকে গ্রেপ্তার করে।

নাজনীন তার সাবেক স্বামী বুলুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১--এর খ ধারায় দ্বিতীয় স্ত্রী সানজিদা কাসেমকে অবৈধ দেহব্যবসায় নামানোর অভিযোগ এনে মামলা দায়ের করেন।

বুলুর কন্যা নওশিন তার বাবার বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীকে জড়িয়ে আনা এ অভিযোগ অস্বীকার করেন।

এর আগে গত ৩০ মে বুলু মীর্জা আব্বাসের বিরুদ্ধে বৈশাখী টেলিভিশনের ব্যবসায়িক কোন্দলের জের ধরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনেন।

অন্যান্যের মধ্যে বুলুর অপর দুই কন্যা নুসরাত লায়লা ও নূর লায়লা, একমাত্র পুত্র শাফকাত বিন বুলু এবং বুলুর ভাই তোফাজ্জল হোসেন চঞ্চল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।