জাতীয় সংসদের ২২তম ও জোট সরকারের শেষ বাজেট অধিবেশন বুধবার
জাতীয় সংসদের ২২তম ও জোট সরকারের মেয়াদকালের সর্বশেষ বাজেট অধিবেশন বুধবার বিকেল সোয়া ৫টায় শুরু হচ্ছে। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান তার জীবনের ১২তম ও বর্তমান সরকারের পঞ্চম বাজেট পেশ করবেন।
দীর্ঘদিন বর্জনের পর চলতি বছরের ১২ ফেব্র“য়ারি ২০তম অধিবেশনে সংসদে ফেরা প্রধান বিরোধী দল আওয়ামী লীগও এ অধিবেশনে যোগ দিচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে। ফলে বাজেট অধিবেশনটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ।
আওয়ামী লীগের সাংসদরা বাজেটের ওপর আলোচনা - সমালোচনাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদে আলোচনা করবেন।
এসব ইস্যুর মধ্যে রয়েছে দেশে গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট, কানসাট হত্যাকাণ্ড, ডেমরার শনির আখড়ায় পানির দাবিতে মানুষের গণবিক্ষোভ, সম্প্রতি ঢাকা, সাভার ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জোট সরকারের দুর্নীতি ও পাঁচ বছরের অপকর্ম, শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা।
এসব ইস্যুতে ইতোমধ্যে আওয়ামী লীগের সাংসদরা বেশ কিছু মূলতবি প্রস্তাব ও নোটিশ সংসদ সচিবালয়ে জমা দিয়েছেন।
এ ব্যাপারে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বিডিনিউজকে জানান, আমাদের দাবির বিষয়গুলো আমরা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে উত্থাপন করবো। আমাদের দাবি গ্রহণ করা না হলে ওয়াকআউট করবো। তবে এর আগে আমাদের কৌশল নির্ধারণে সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, এ বাজেট হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করার বাজেট। এরকম কৌশল মাথায় রেখেই সরকার এ বাজেট প্রণয়ন করছে। জনস্বার্থের পরিপন্থী বাজেট দেওয়া হলে আমরা সংসদ থেকে ওয়াকআউট করবো।
তবে বিরোধী দলের কোনো প্রস্তাব নেওয়া হবে কিনা, সে সিদ্ধান্ত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকেই হবে।
বুধবার সংসদের অধিবেশন শুরুর আগে বিকেলে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের এ অধিবেশনের কার্যকাল নির্ধারিত হবে।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে নিয়োজিত থাকায় এ অধিবেশনের উদ্বোধনী দিবসে সভাপতিত্ব করবেন ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী। তিনি কার্যউপদেষ্টা কমিটির বৈঠকেও সভাপতিত্ব করবেন।
