৫০ লাখ একর খাস জমির বেশীর ভাগই বেদখলে
দেশের প্রায় ৫০ লাখ একর খাস জমির অধিকাংশই ভূমিদস্যূদের দখলে। তবে এ সব বেদখলকৃত জমির সঠিক চিত্র সরকারের জানা নেই। এ সব খাস জমির দাবিদার প্রকৃত ভূমিহীন ছাড়া অন্য কেউ নয়।
আগামী ১০ জুন ভূমি অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কয়েকটি এনজিও প্রতিনিধি এ সব তথ্য জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভূমি অধিকার দিবস জাতীয় উদযাপন পরিষদের সদস্য সচিব আব্দুল কাদের।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক খুশী কবির, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, নাগরিক উদ্যোগ’র সমন্বয়ক জাকির হোসেন প্রমুখ।
এতে জানানো হয়, কৃষি প্রধান বাংলাদেশের মোট জনসংখ্যার ৫৭ ভাগই ভুমিহীন। এদের মধ্যে আবার ১২ শতাংশ মানুষের চাষাবাদের কোনো রকম উপায় নেই।
সংবাদ সম্মেলনে ১০ জুন অনুষ্ঠেয় ভূমি দিবসে দেশ জুড়ে প্রায় এক হাজার কিলোমিটার ভূমিহীন মানুষের মানববন্ধন রচনা করার কর্মসূচি দেওয়া হয়। ওই দিন সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা এক ঘন্টার জন্য ৫৪ট জেরার ৩০৪টি উপজেলায় ভূমিহীনরা মানববন্ধন করবে। এবারের ভূমি দিবসের শ্লোগান হচ্ছে: ভূমিহীন, নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠির ভূমি অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার ও বাস্তবায়ন চাই।
