২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসুল (সা.) সম্পর্কে অবমাননাকর গ্রন্থ লেখায় হুমায়ুন আজাদকে হত্যার পরিকল্পনা করা হয়: জেএমবি শুরা সদস্য শাওনের স্বীকারোক্তি

‘পাক সার জমিন সাদ বাদ’ গ্রন্থে রাসুল (স.) ও মুসলমানদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অপরাধে অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জেএমবির শুরা সদস্য শাওন তার জবানবন্দিতে স্বীকার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সে জানায়, শায়খ আব্দুর রহমানের নির্দেশে জেএমবির সামরিক কমান্ডার আতাউর রহমান সানি হত্যার বিস্তারিত পরিকল্পনা তৈরি করে।

জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র শুরা সদস্য এবং কুমিল্লার আঞ্চলিক প্রধান মিজানুর রহমান ওরফে শাওন রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ারের খাস কামরায় দেওয়া জবানবন্দিতে এ কথা জানায়।

শাওন তার জবানবন্দিতে বলে, ২০০৪ সালের জানুয়ারিতে দৈনিক ইত্তেফাকে সর্বপ্রথম ‘পাক সার জমিন সাদ বাদ’ গ্রন্থ সর্ম্পকে জানতে পারি। ওই গ্রন্থে রাসুল (সা.) ও মুসলমানদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের বিষয়ে শায়খ রহমানকে জানানো হলে তিনি জেহাদের প্রস্তুতি নিতে বলে হুমায়ুন আজাদকে হত্যার নির্দেশ দেন।

সে জানায়, শায়খের নির্দেশ অনুযায়ী সানি ও সে হুমায়ুন আজাদের গতিবিধি লক্ষ্য করতে থাকে। এর ধারাবাহিকতায় ২০০৪ সালের ২৭ ফেব্র“য়ারি রাত ৯টার দিকে হুমায়ুন আজাদ বই মেলা থেকে বের হয়ে টিএসসির কাছাকাছি পৌঁছালে তার ওপর হামলা করা হয়। শাওন ও শামীম ছুরি দিয়ে হুমায়ুন আজাদকে উপর্যুপরি আঘাত করতে থাকে। এসময় লোকজন জড়ো হতে থাকলে সানি বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে এবং সেই সুযোগে তারা সবাই পালিয়ে যায় বলে শাওন তার জবানবন্দিতে উল্লেখ করে।

হুমায়ুন আজাদকে পরে সম্মিলিত সামরিক হাসপাতাল ও ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর কিছুদিন পর জার্মানিতে এক লেখক সম্মেলনে যোগ দিতে গিয়ে সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।