সাতক্ষীরায় ভূমিহীন নেতা হত্যা: লাশ নিয়ে মিছিল, থানা ঘেরাও, ২৫ জন আহত
সাতক্ষীরার দেবহাটা কালিগঞ্জের এক ভূমিহীন নেতা হত্যার প্রতিবাদে রোববার এলাকাবাসী বিক্ষোভ করেছে।
বিক্ষুব্ধ জনতা নিহতের লাশ নিয়ে মিছিল এবং থানা ঘেরাও করে। এসময় পুলিশ ও র্যাবের সাথে কয়েক দফা সংঘর্ষে কমপক্ষে ২৫জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে কালিয়াকৈর কাশিবাটি গ্রামের দরবার হোসেনের ছেলে আবুল হোসেন (৫৫), নোয়াপাড়ার ওয়াজেদ আলির ছেলে ফজলুল হক (৪০) এবং একই গ্রামের আবুবকরের ছেলে খোকন সরদারকে (৪২) র্যাবের ভুয়া পরিচয় দিয়ে একটি সন্ত্রাসী দল অপহরণ করে। পরে তাদের বৈরাগির চক ভূমিহীন জনপদে নিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদের সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হলে একদিন পর শনিবার ভুমিহীন নেতা আবুল হোসেনের মৃত্যু হয়।
এ হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযোগে শিল্পপতি বসিরুলকে বিক্ষুব্ধ ভূমিহীনরা সাতক্ষীরা থানার মধ্যে গণপিটুনি দেয়।
এদিকে এ খবর পৌঁছুলে দেবহাটা--কালিগঞ্জ ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা ওহাব আমিরের আহ্বানে ওই এলাকার ভূমিহীন জনতা নিহত আবুল হোসেনের লাশ নিয়ে মিছিল বের করে।
ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সংগ্রাম সমন্বয় কমিটি, জেলা ভূমিহীন সমিতি, জেলা ভূমি কমিটি এবং শ্রমিক লীগ এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়।
