চাঁপাইনবাবগঞ্জে বিনা বিচারে দুবছর আটক প্রতিবন্ধী মেয়ের মুক্তির দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের ‘সংগ্রামী প্রতিবন্ধী অধিকার ফেডারেশন’ বিনা বিচারে প্রায় দুবছর ধরে কারাবন্দী গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর পূর্ব ব্রাক্ষ্মণ গ্রামের প্রতিবন্ধি ছবির (২৫) মুক্তির দাবিতে রোববার মৌন মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে।
অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের (এডিডি) সহযোগিতায় সকালে স্থানীয় শহীদ সাটু হল চত্ত্বর থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট চত্ত্বরে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মাকলিপি প্রদান করে।
পরে শহীদ সাটু হল চত্ত্বরে সংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন প্রতিবন্ধী মোমেনা খাতুন। উপস্থিত ছিলেন এডিডি’র মানবাধিকার কর্মকর্তা জয় চাঁদ কর্মকার, জাতীয় তৃনমুল প্রতিবন্ধী সংস্থার হাবিবুর রহমান, সংগ্রামী প্রতিবন্ধী অধিকার ফেডারেশনের আজিজুল হক প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ছবি জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। সে শিশু পাচারের মিথ্যা অভিযোগে বিনা বিচারে দুবছর ধরে কারাভোগ করছে। অথচ তার বিরুদ্ধে দায়ের করা মামলার ১৪ জন স্বাক্ষির মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য প্রদান করা ১০ জনের কেউই নির্দিষ্টভাবে ছবির বিরুদ্ধে স্বাক্ষ্য দেয়নি। একজন মানসিক প্রতিবন্ধী নারীর বিনা বিচারে কারাভোগ মানবাধিকার লঙ্ঘনের সামিল বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, আইনজ্ঞদের মতে, একজন মানসিক প্রতিবন্ধী কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলেও প্রচলিত আইনে কোনো মামলা করা যায় না। অথচ মিথ্যা মামলায় ছবি দিনের পর দিন কারাভোগ করে চলেছে।
সংবাদ সম্মেলনে বক্তারা প্রশ্ন রেখে বলেন, অপরাধীর বিচার হোক এটি আমরা চাই। কিন্তু মূল অপরাধের সঙ্গে জড়িত শিশু পাচারকারী চক্রকে না ধরে ছবির মত একজন নিরপরাধ মানসিক প্রতিবন্ধীর জীবনের মূল্যবান দুটি বছর কেড়ে নেওয়া কোন ধরনের বিচার? এটি কি মানবাধিকার লঙ্ঘন নয়?
গত বছর ৯ মার্চ বেলা সোয়া ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেল ষ্টেশর সংলগ্ন রহনপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া রহনপুর গামী একটি বাসে পাঁচ বছর বয়সী শিশু শিহাবকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন শিহাবের চাচা আব্দুর রহিম। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ ছবিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।
