ইংল্যান্ডে বিশ্বকাপ ফুটবল উন্মাদনামুক্ত হোটেল
সারা বিশ্বের মতোই ইংল্যান্ডও এখন বিশ্বকাপ উন্মাদনায় মত্ত। প্রত্যেকটি শহরে, পথে--ঘাটে, কর্মক্ষেত্রে, শপিংমলে সর্বত্রই বিশ্বকাপ জ্বর। এরই মাঝে লেক ডিষ্ট্রিক্ট শহরের একটি হোটেল বিশ্বকাপ ফুটবলের উপর বীতশ্রদ্ধ বৃটিশদের জন্য বিশ্বকাপমুক্ত আবাসিক ব্যবস্থার আয়োজন করেছে।
‘লিনথওয়েট হাউজ’ নামক এই হোটেলের কোনো অতিথিকেই বিশ্বকাপ সম্পর্কিত একটিও শব্দ শুনতে হবে না। এমনকি কোনো ওয়েটার অথবা হোটেলের স্টাফ কোনো অতিথির সামনে যদি ‘ফুটবল’ শব্দটি ভুলক্রমে উচ্চারণ করে ফেলে, তাহলে সেই অতিথিকে এক গ্লাস শ্যাম্পেন ফ্রি পরিবেশন হবে।
তাছাড়া খেলাধূলার অতিরিক্ত পৃষ্ঠাগুলো ছাড়াই হোটেলের প্রতিটি রুমে খবরের কাগজ দেওয়া হচ্ছে। ৯ জুন থেকে বিশ্বকাপ শুরু হলে স্পোর্টস চ্যানেলগুলোর পরিবর্তে ‘ডার্টি ড্যান্সিং’ ও ‘প্রিটি ওম্যান’-এর মতো রোমান্টিক সব চলচ্চিত্র দেখানো হবে।
‘লিনথওয়েট হাউজ’ হোটেলের ম্যানেজার মাইক বেভান জানালেন, ইতিমধ্যে অনেকেই এই ‘বিশ্বকাপমুক্ত’ হোটেলে থাকবার জন্য বুকিং দিয়ে ফেলেছেন।
