২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ দেখার আমন্ত্রণ ফিরিয়ে দিলেন ইন্দেনেশিয়ার আগ্নেয়গিরির আধ্যাত্মিক রক্ষক

জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল আসরের উদ্বোধনী ম্যাচ দেখার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন ইন্দেনেশিয়ার রহস্যময় মাউন্ড মেরাপি আগ্নেয়গিরির আধ্যাত্মিক রক্ষক মারিজান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 11:32 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

ইন্দেনেশিয়ার মাউন্ড মেরাপি আগ্নেয়গিরির উদগীরণ হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার পরও আগ্নেয়গিরির কাছে বসবাসকারী মারিজান স্থানটি ত্যাগ করতে অস্বীকৃতি প্রকাশ করার কারণে তার  উপর আন্তর্জাতিক মিডিয়ার নজর পড়ে।

আধ্যাত্মিক সাধক মারিজানকে জার্মানির শহর মিউনিখের মেয়র ক্রিস্টিয়ান ইউদি বিশ্বকাপ আসরের উদ্বোধনী ম্যাচ দেখার আমন্ত্রণ জানান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

বিনয়ী কন্ঠে আমন্ত্রণ প্রত্যাখান করে মারিজান বলেন, “আমি বিশ্বকাপ ফুটবল আসর দেখতে জার্মানি যেতে চাই না। আমি একজন ক্ষুদ্র মানুষ যে কি না কিছুই জানে না। আমি সেখানে গেলে ভিড়ের মধ্যে হারিয়ে যাব।

গত মাসে আগ্নেয়গিরির কাছে ইন্দেনেশিয়ার কর্তৃপক্ষ জরুরী অবস্থা জারি করে সেখানকার ২০,০০০ গ্রামবাসীকে অন্যস্থানে সরিয়ে নেয়। কিন্তু মারিজান স্থান ত্যাগ করতে অস্বীকৃতি জানান এবং আগ্নেয়গিরির উপরের অংশের দিকে অবস্থান নেন।

২,৯১৪ মিটার উচু আগ্নেয়গিরি থেকে মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্ন্যুৎপাত হওয়া শুরু হয়।