লন্ডনে সন্ত্রাসী সন্দেহে পুলিশের গুলিতে বাংলাদেশী আহত
সন্ত্রাসবিরোধী অভিযানে লন্ডন পুলিশ শুক্রবার বাংলাদেশী বংশোদ্ভূত আব্দুল কাহার এবং আবুল কৈয়ার নামে দুজনকে আটক করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটককৃত ওই দুই যুবকের পরিবার সিলেট থেকে লন্ডনে গিয়েছে। তারা অতিমাত্রায় ধর্মপরায়ণ।
আটককৃত ওই দুই যুবকের চাচাতো ভাই এনাম (২৪) বিডিনিউজ এবং স্থানীয় অন্যান্য পত্রিকাকে জানায়, কাহার খুব ছোটবেলা থেকেই বেশ ধর্মপরায়ণ। এ কারণে সে দাড়ি রেখেছিল। সে সন্ত্রাসীÑ এটি বিশ্বাসযোগ্য নয়।
এর আগে শুক্রবার সকালে এমআই ফাইভ এবং অন্যান্য স্কোয়াডের প্রায় আড়াই শ’ পুলিশ পূর্ব লন্ডনে তাদের ফরেস্ট গেটের বাড়িতে অভিযান চালায় এবং আবুল কাহারকে গুলি করে। কাহার যুক্তরাজ্যের রাষ্ট্রীয় মেইল সার্ভিস রয়্যাল মেইলে চাকরি করত।
বেশ কয়েক সপ্তাহ ধরে বিশেষ স্কোয়াড এমআই ফাইভ ওই বাড়িটির ওপর নজর রাখছিল।
লন্ডন পুলিশের একটি সূত্র জানায়, কাহার ও কৈয়ার রাসায়নিক অস্ত্র ও বোমা ব্যবহারের মাধ্যমে যুক্তরাজ্যে একটি ভয়াবহ আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিল।
এদিকে তাদের চাচাতো ভাই এনাম জানায়, জিমনেশিয়ামে যাওয়ার অভ্যাস ছিল কাহারের এবং সে তার আর সিক্স মোটরসাইকেলে চড়ে ঘুরে বেড়াত।
কাহারের ভাই কৈয়ারকেও পুলিশি অভিযানে আটক করা হয়। কৈয়ার যুক্তরাজ্যের বৃহত্তর খুচরা বিক্রয় কেন্দ্র টেসকোতে চাকুরি করত।
ধারণা করা হচ্ছে, আটককৃত ওই দু’ ভাইয়ের তিন বোনের দুজন তাদের সাথে এবং অপর একজন পাশের বাড়িতে বাস করে।
