২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও কুষ্টিয়ায় র‌্যাবের ‘ক্রসফায়ারে’ ২ জন চরমপন্থী নিহত, ১ম লিড

খুলনা ও কুষ্টিয়ায় র‌্যাবের ‘ক্রসফায়ারে’ শুক্রবার ভোরে দুজন চরমপন্থী নিহত হয়েছে। নিহতরা হচ্ছে -- জিয়াউর রহমান এবং নূরে আলম গামা (৩৮)।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 02:23 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বিডিনিউজের খুলনা প্রতিনিধি জানান, বটিয়াঘাটা উপজেলার দাউনিয়াখাদ এলাকায় শুক্রবার ভোরে র‌্যাবের ‘ক্রসফায়ারে’ জনযুদ্ধের আঞ্চলিক নেতা জিয়াউর রহমান নিহত হয়।

র‌্যাব জানায়, খুলনার রূপসা এলাকা থেকে বৃহস্পতিবার জিয়াকে গ্রেফতার করা হয়।

জিয়ার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, র‌্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য দাউনিয়াখাদ এলাকায় পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা জিয়ার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।

র‌্যাবও পাল্টা গুলি করে। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় জিয়া র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে দুটি পাইপগান এবং তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, নিহত জিয়ার বিরুদ্ধে চারটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।

বিডিনিউজের কুষ্টিয়া প্রতিনিধি জানান, সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের চর কমলাপুর এলাকায় শুক্রবার ভোরে র‌্যাবের ‘ক্রসফায়ারে’ চরমপন্থী দলের নেতা নূরে আলম গামা নিহত হয়।

র‌্যাব জানায়, নিহত গামা পুলিশের তালিকাভুক্ত ফেরারী আসামী ছিলো। সে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছেউরিয়া গ্রামের চাঁদ আলীর ছেলে।

গামা এবং তার সহযোগীরা বৃহস্পতিবার থেকে জিয়ারখী ইউনিয়নের পিয়ারপুর হাটের দখল নেওয়ার জন্য চর কমলাপুরের একটি বাড়িতে অবস্থান করছিলো। খবর পেয়ে র‌্যাব -- ১২ সদস্যরা শুক্রবার রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত চর কমলাপুরের ওই বাড়িতে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে গামা এবং তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও কাঁদানে গ্যাস এবং পাল্টা গুলি করে।

উভয় পক্ষের মধ্যে প্রায় পাঁচ ঘন্টা গুলি বিনিময়ের পর এক পর্যায়ে চরমপন্থীরা পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে গামা ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে ১৭টি ম্যাগজিনসহ একটি একে -- ৪৭ রাইফেল উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, নিহত গামার বিরুদ্ধে কুষ্টিয়া সদরসহ বিভিন্ন থানায় নয়টি হত্যা, দুটি চাঁদাবাজি, দুটি ডাকাতি, দুটি অস্ত্র মামলাসহ অসংখ্য মামলা রয়েছে।