১১ মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের মাত্র ৪৫ শতাংশ অগ্রগতি, সংসদীয় কমিটিতে অসন্তোষ প্রকাশ
চলতি ২০০৫ - ০৬ অর্থবছরের ১১ মাস পেরিয়ে গেলেও বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাত্র ৪৫ শতাংশ অগ্রগতি হয়েছে।
জাতীয় সংসদ ভবনে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রকল্পগুলোর হতাশাজনক অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে অর্থবছর শেষ হওয়ার আগেই কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের ডা. এম আমানুল্লাহ, বিএনপির ডা. একে মোহাম্মদ আলী, জিয়াউল হক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বা প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা কেউই উপস্থিত ছিলেন না।
বৈঠক শেষে কমিটির সভাপতি মশিউর রহমান সাংবাদিকদের বলেন, সরকার স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়নের জন্য চলতি অর্থবছরে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়।
এর আওতায় ১৫০টি ৩১ শয্যার হাসপাতালকে ৫০ শয্যায় উন্নয়ন, ১০টি ২০ শয্যার নতুন হাসপাতাল নির্মাণ, ছয়টি ট্রমা হাসপাতাল নির্মাণসহ আরো বেশ কিছু হাসপাতালের শয্যাসহ সুযোগ সুবিধা বৃদ্ধির প্রকল্প ছিল।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ইউনিটের (সিএমএমইউ) অবহেলার কারণে অনেক কাজের এখনো দরপত্র আহ্বান করা সম্ভব হয়নি। এসব কাজের দরপত্রসহ অন্যান্য প্রক্রিয়া আগামী ৩০ জুনের আগেই শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।
এছাড়াও বৈঠকে বর্তমান সরকারের প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে প্রস্তুত করার বিধিমালা নিয়েও কমিটিতে আলোচনা হয়।
