২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখী টেলিভিশনের পরিচালক বুলু গ্রেপ্তার

গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করার কয়েক ঘন্টার পরই মঙ্গলবার মধ্যরাতে পুলিশ পাল্টা মামলায় বৈশাখী টেলিভিশনের পরিচালক বুলুকে গ্রেপ্তার করেছে। সাবেক স্ত্রী হোসনের আরা নাজনীন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রকল্প সম্পাদক আব্দুস সালামের দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 07:17 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

তার তালাকপ্রাপ্ত স্ত্রী হোসনে আরা নাজনীন নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় একটি মামলার দায়ের করেন। হত্যা প্রচেষ্টার দায়ে অপর মামলাটি করেন আব্দুস সালাম।

মামলাটির তদন্ত কর্মকর্তা বুলুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে ম্যাজিস্ট্রেট সৈয়দ মুজিবুল হক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি নর্থ বুলুর গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।

ডিসি মামলার কথা উল্লেখ করে বলেন, বুলুর প্রথম স্ত্রী হোসনে আরা নাজনীন নারী ও শিশু নির্যাতন আইনের (১১ খ) ধারায় মামলা করেন। মামলায় তিনি বুলুর বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী সানজিদা কাশেমকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগ আনেন। 

তবে বুলুর সাথে মন্ত্রী মির্জা আব্বাসের ব্যাবসায়ী দ্বন্দ্বের ব্যাপারে দায়ের করা মামলার সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনি মন্তব্য করেন, আমি এ ব্যাপারে কিছু জানি না।

ডিসি আরো বলেন, পুলিশ গুলশানের ১১ নম্বর রোডের ২৪ নম্বর বাসা থেকে মঙ্গলবার মধ্যরাতে বুলুকে গ্রেপ্তার করে।

বুলুর তালাকপ্রাপ্ত স্ত্রী নাজনীনের অভিযোগ, বুলু আমাকে এবং দ্বিতীয় স্ত্রী সানজিদাকে শারিরীক নির্যাতন করত।

অপর মামলায় আব্দুস সালাম বুলুর বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রি করে দুই কোটি ৪৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনেন। মামলায় আব্দুস সালাম বলেন, গত ২৯ মে রাত ১০টায় জমি বিক্রির ২ কোটি ৪৩ লাখ পাওনা টাকা আনার জন্য বুলু তাকে তার বাসায় আসতে বলেন। তিনি সেখানে গেলে বুলু তাকে গলা টিপে ধরে হত্যা করার চেষ্টা করেন।  

এর আগে বুলু বৈশাখী টেলিভিশন নিয়ে ব্যবসায়ী দ্বন্দ্বে মির্জা আব্বাসের বিরুদ্ধে হত্যা হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেন।