২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও লালমনিরহাটে বজ্রপাতে ৭ জন নিহত, সমন্বিত

সাতক্ষীরা ও লালমনিরহাটে সোমবার রাতে বজ্রপাতে সাতজন নিহত হয়েছে। সাতক্ষীরায় নিহত হয়েছে চারজন এবং লালমনিরহাটে মা-মেয়েসহ তিন নিহত হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বিডিনিউজ সাতক্ষীরা প্রতিনিধি জানান, শ্যামনগর ও দেবহাটা উপজেলায় সোমবার রাতে বজ্রপাতে ওই চারজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আইয়ুব আলীর মেয়ে আঞ্জুয়ারা (১৮) সোমবার রাতে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়। অন্যদিকে রমজান নগর ইউনিয়নের হেতালখালী গ্রামের আরশাদ আলীর স্ত্রী মনোয়ারা এবং তার পুত্রবধূ সালমা খাতুন সোমবার রাতে গৃহস্থালি কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।

অপর ঘটনায় দেবহাটা উপজেলার বদরতলা গ্রামে বজ্রপাতের আঘাতে একজন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ লালমনিরহাট প্রতিনিধি জানান, পৃথক বজ্রপাতে মা--মেয়েসহ দুটি পরিবারের তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। জেলার হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলায় সোমবার গভীর রাতে ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলো হাতীবান্ধার গড্ডীমারী গ্রামের -- ফাতেমা বেগম (৩৮) ও তার মেয়ে শাহীনা (১০) এবং পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি গ্রামের সবুর আলী (৪০)।

স্থানীয় সূত্র জানায়, প্রবল বর্ষণের সময় হাতীবান্ধায় ফাতেমা বেগমের বাড়ির ওপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সে এবং তার মেয়ে নিহত হয়। এছাড়া তার স্বামী রানা আহমেদ (৪২), কাজের মেয়ে কোহিনুর (১২) ও বেড়াতে আসা আত্মীয় জলিল (২৫) গুরুতর আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে পাটগ্রামের বজ্রপাতে নিহত সবুর আলীর স্ত্রী মরিয়ম বেগম এবং মেয়ে হাসি খাতুন আহত হয়। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।