র্যাব হেফাজতে নিহত সুমনের মা-বাবা ছেলে হত্যার বিচার চেয়েছেন
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) হেফাজতে থাকা অবস্থায় এক বছর আগে নিহত সুমনের পরিবার ওই ‘হত্যাকা-ের’ বিচার চেয়েছেন।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিহত আবুল কালাম আজাদ সুমনের (২১) বাবা বলেন, গোড়ান টেম্পু স্ট্যান্ডের কাছে সুমনের কর্মস্থল বারেক প্লাজা থেকে র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে যায় এবং ২০০৫ সালের ৩০ মে তারা তাকে নির্মমভাবে হত্যা করে।
তিনি জানান, এ ব্যাপারে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করতে চাইলেও থানা কর্তৃপক্ষ তার মামলা নেয়নি।
পরবর্তীতে তিনি ঢাকা মহানগর আদালতে র্যাব-- ৩ এর কমান্ডিং অফিসার ও সেকেন্ড কমান্ডিং অফিসারসহ আরও সাত--আট সদস্য ও র্যাবের মহাপরিচালক আব্দুল আজিজ সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সফররাজ হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাস এবং জাতীয়তাবাদী ছাত্রদলের (ঢাকা মহানগর দক্ষিণ) সহসভাপতি রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার শুনানির পর আদালত এ ব্যাপারে বিভাগীয় তদন্তের আদেশ দেন।
সুমনের বাবা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আদালতের ওই আদেশের এক বছর পরও বিভাগীয় তদন্তে কোনও অগ্রগতি হয়নি।
সরকারবিরোধী রাজনীতির সাথে জড়িত থাকা এবং নিজ এলাকা খিলগাঁওয়ে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলাই তার ছেলের একমাত্র অপরাধ বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, কোনওভাবেই তার ছেলেকে অপরাধী বলা যাবে না এবং তার নামে কোনও থানায় কোনও মামলাও নেই।
দেশে তার ছেলের মতো আর কোনও যুবক যাতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, সেজন্যে তিনি তার ছেলে সুমন হত্যার বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে সুমনের মা আমেনা বেগম, বোন তন্বী এবং আরও বেশ কয়েকজন শুভার্থী উপস্থিত ছিলেন।
