জেএমবি নেতাদের শাস্তি হলেও গল্পের এখানেই শেষ নয়: বাবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সোমবার বলেছেন, জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান এবং বাংলাভাইসহ সাত জেএমবি নেতার মৃত্যুদন্ড প্রদানের মধ্যে দিয়ে সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। গল্পের এখানেই শেষ নয়।
“এটা আমাদের জন্যে একটি নতুন অভিজ্ঞতা, বিগত দিনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমস্যার গভীরে যেতে হবে এবং গবেষণা এবং অন্যান্য উপায়ে এর শক্তি ও সংযোগের স্থানগুলো চিহ্নিত করতে হবে”, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন।
তিনি আরও বলেন, “দেশ এখনও জেএমবি’র আরও হামলা এবং তাদের অপতৎপরতা থেকে নিরাপদ নয়”।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে ঝালকাঠী জেলা আদালতে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড-ইন-কমান্ড বাংলাভাই এবং অন্য পাঁচ সুরা সদস্যের বিরুদ্ধে দুই জন বিচারক হত্যা মামলায় মৃত্যুদ- দেওয়ার ব্যাপারে তার প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।
এক প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর জানান, সরকার জেএমবি কর্মকা-ের সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এবং সরকার ও রাজনৈতিক দলের কোন ব্যক্তির সঙ্গে সম্পৃক্ততা খুঁজে পায়নি।
তবে তিনি বলেন. “আমরা কোন ব্যাক্তি, সংগঠন অথবা অন্যকিছুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বাতিল করে দিচ্ছি না। এটা দীর্ঘ পক্রিয়া এবং প্রক্রিয়ার অংশ হিসেবে বেশ কিছু আত্মনিয়োজিত শক্তি গোপন সত্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছে”।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সরকার জেএমবি নেটওয়ার্কের অর্থায়নের সাথে যুক্ত কিছু ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেফতারকৃতদের ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।
ইসলামী ব্যাংকের সাথে জেএমবি’র অর্থনৈতিক লেনদেনের সম্পৃক্ততার এক প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এটা সত্যি। কিন্তু সকল অভিযোগ সত্যি নয়। আমরা এ ব্যাপারে তদন্ত করছি এবং আত্মনিয়োজিত একটি দল এ ব্যাপারে কর্মরত রয়েছে।
মৃত্যুদন্ড কার্যকর করার প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ শেষ, পরবর্তী দায়িত্ব হচ্ছে আইন মন্ত্রণালয়ের হাতে।
দেশের আইন শৃংখলা পরিস্থিতির অবনতির এবং ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতার সাথে বেসরকারি নিরাপত্তা বাহিনীর সম্পৃক্ততা বিষয়টি স্বীকার করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন উন্নত দেশের তুলনায় আমাদের দেশে এখনো সন্ত্রাসের পরিমান অনেক কম।
