অবৈধ অস্ত্র আগামী সংসদ নির্বাচনে হুমকি হয়ে দাঁড়াতে পারে: নিরাপত্তা বিশেষজ্ঞরা
নিরাপত্তা বিশেষজ্ঞরা সোমবার আশংকা প্রকাশ করে বলেছেন, অপরাধী ও তাদের গডফাদারদের কাছে থাকা অবৈধ অস্ত্র আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনের ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়াতে পারে।
এক সমীক্ষা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তারা বলেন, বাংলাদেশে ৪০০,০০০ অবৈধ ও ২৫,০০০ বৈধ অস্ত্র রয়েছে।
২২ থেকে ২৯ মে আন্তর্জাতিকভাবে পালিত ‘গ্লোবাল উইক অব অ্যাকশন অ্যাগেইনস্ট স্মল আর্মস’ উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিরাপত্তা বিশেষজ্ঞরা এ আশংকা ব্যক্ত করেন।
ইন্টারন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক অন স্মল আর্মসের সহযোগিতায় বাংলাদেশের সাউথ এশিয়া পার্টনারশিপ (এসএপি) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শান্তি ও সংঘর্ষ শিক্ষা গবেষক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক, নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শাখাওয়াত হোসেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ও এসএপি কর্মকর্তা নাদিরা মল্লিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
সৈয়দ ইব্রাহিম বলেন, অতীতে ছোট অস্ত্রের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা ছিল সাধারণ পর্যায়ের। আমাদের সরকার জাতিসংঘ ঘোষিত ‘ প্রোগ্রাম অব অ্যাকশন টু প্রিভেন্ট, কমব্যাট অ্যান্ড ইরাডিকেট ইলিসিট ট্রেড ইন স্মল আর্মস অ্যান্ড লাইট উইপন্স ইন অল ইটস অ্যাসপেক্টস’ স্বাক্ষর করলেও এ ব্যাপারে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত বলেন, দেশের দক্ষিণ - পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল অবৈধ অস্ত্র বেচাকেনার আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছে।
তিনি বলেন, অবৈধ অস্ত্রের সহজলভ্যতা সমাজের স্থিতিশীলতা ধ্বংস করেছে এবং জাতিকে মানবাধিকার লংঘন, অবিচার ও অপরাধের শিকারে পরিণত করেছে।
সংবাদ সম্মেলনে বক্তারা নির্বাচনের আগেই সকল অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানান।
