বাঘের আক্রমণে ডাকাত সর্দার নিহত
সুন্দরবনের কুখ্যাত জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর বাঘের আক্রমণে নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবন ও বঙ্গোপসাগরে সর্বাধিক আধিপত্য সৃষ্টিকারী বনদস্যু জাহাঙ্গীর (৩২) শনিবার রাতে সদলবলে দুবলার চরের মেহের আলীর সাইক্লোন শেল্টারের কাছে অবস্থান নেয়। ভোররাতে হরিণ শিকারের জন্যে একটি বন্দুক নিয়ে একাই বনের মধ্যে প্রবেশ করে। সকালে তার সহযোগীরা তাকে খুঁজতে বেরিয়ে সাইক্লোন শেল্টার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সাগরদিঘির কাছে তার বাঘে খাওয়া মৃতদেহ দেখতে পায়।
জাহাঙ্গীর বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার গাবগাছিয়া গ্রামের হোসেন বড়িয়ালের ছেলে। সুন্দরবন এলাকায় গত দু বছর ধরে সে ডাকাতি, চাঁদা আদায়, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছিল।
