২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রায়াত্ত ৮টি পাটকল শ্রমিকদের অবরোধ কর্মসূচি নিয়ে খুলনায় উত্তেজনা, পরিস্থিতি সামাল দিতে মন্ত্রীর ঝটিকা সফর

রাষ্ট্রয়াত্ত আটটি পাটকল শ্রমিকদের পূর্ব ঘোষিত সোমবারের সকাল--সন্ধ্যা রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি নিয়ে খুলনায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে পাট ও বস্ত্র মন্ত্রী শাহজাহান সিরাজ রোববার খুলনা আসেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

এ দিকে শ্রমিকদের অবরোধ পালনকালে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে সহস্রাধিক পুলিশ মোতায়েন করা হবে। বকেয়া মজুরি, বেতন, মিলের পাট কেনা বাবদ নগদ অর্থ প্রদানসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সাভার, গাজীপুর কিংবা ঢাকার আদলে শ্রমিক সংঘর্ষ হতে পারে।

সূত্র মতে, খুলনা যশোর অঞ্চলের আটটি রাষ্ট্রায়াত্ত পাটকল শ্রমিক কর্মচারিদের  মজুরি ও বেতন বকেয়া রয়েছে যথাক্রমে ৩৪কোটি ৮৪ লাখ ও ৯কোটি ৪৭ লাখ টাকা। এ ছাড়া সাম্প্রতিক বকেয়া রয়েছে মজুরি ৫ কোটি ৩৩ লাখ এবং বেতন ৩ কোটি ৭১ লাখ টাকা, যা সর্বমোট ৫০ কোটি টাকার বেশি। বিশাল অংকের মজুরি ও বেতন বকেয়া থাকায় শ্রমিক কর্মচারিরা বছরের পর বছর মানবেতর জীবন যাপন করছেন। অনেকে পেশা পরিবর্তন করেছেন। 

এ দিকে শ্রমিকদের ন্যায়সঙ্গত পাওনা পরিশোধের দাবিতে খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন পৃথক দুটি সংবাদ সম্মেলন করে। অপর দিকে দুপুর ১টায় খুলনা সার্কিট হাউজে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রির সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা পাটকল শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে পাট ও বস্ত্র মন্ত্রী শাহজাহান সিরাজের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এ সময় চেম্বার প্রেসিডেন্টের সাথে ৭/৮ জন পরিচালক ছিলেন। চেম্বার নেতৃবৃন্দকে ১০ মিনিট অপেক্ষা করতে বলার আধা ঘন্টা পরও মন্ত্রী তাদের সাক্ষাৎ দেননি। এতে নেতৃবৃন্দ ক্ষুব্ধ হন। পরবর্তীতে তারা সার্কিট হাউজে মন্ত্রীর রুমের সামনে শ্লোগান এবং ক্ষোভ প্রকাশ করে বক্তৃতা দেন। বক্তৃতা শেষে নেতৃবৃন্দ মিছিল করে চলে যাওয়ার সময় মন্ত্রী কক্ষ থেকে বেরিয়ে এসে তাদের ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হন।

অপর দিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাট মন্ত্রীর সাথে শ্রমিক নেতৃবৃন্দের বৈঠকে মন্ত্রী বকেয়া বেতন ও মজুরির শতকরা ২৫ ভাগ পরিশোধ করার ঘোষণা দেন। কিন্তু শ্রমিক নেতৃবৃন্দ ১০০ ভাগ বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্ত্রীকে জানিয়ে দেন। সন্ধ্যা সোয়া ৬টায় পাট মন্ত্রী টেলিফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর সাথে কথা শেষে পাট মন্ত্রী বকেয়া মজুরি ও বেতনের ৫০ ভাগ পরিশোধের অঙ্গীকার করেন। বিষয়টি নিয়ে শ্রমিক নেতৃবৃন্দ নিজেদের মধ্যে আলোচনায় বসেন। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকদের আলোচনা চলছিলো।